ব্যবসা প্রতিষ্ঠানের শাটারে দেওয়া বিদ্যুতের ফাঁদে জিসান নামে এক পথচারী শিশুর মৃত্যু হয়েছে। গত বৃহস্পতিবার দুপুরে রাজধানীর উত্তরায় দক্ষিণখানের আশকোনায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় স্থানীয়রা উত্তেজিত হয়ে দোকানের সামনে ভিড় করে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে দক্ষিণখান থানা পুলিশ। এ নিয়ে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে এলাকায় টহল দিচ্ছে পুলিশ।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, সাপ্তাহিক বন্ধ থাকার কারণে চুরি ঠেকাতে গত বুধবার আশকোনার সৌদি জুয়েলার্সের কর্মীরা দোকানের শাটারে বিদ্যুতের ফাঁদ পেতে রাখে। শিশু জিসান ওই জুয়েলার্সের পাশের ফুটপাত দিয়ে যাওয়ার সময় শাটারে হাত লাগলে বিদ্যুৎস্পৃষ্ট হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
দক্ষিণখান থানার ওসি মো. শরীফুল ইসলাম বলেন, সৌদি জুয়েলার্স দোকানের শাটারে থাকা বিদ্যুৎ থেকে এ মর্মান্তিক ঘটনা ঘটে। কুর্মিটোলা হাসপাতাল থেকে টেলিফোনে জিসানের মৃত্যুর বিষয়টি জানানো হয়। এ ঘটনায় থানায় মামলা হয়েছে। প্রকৃত ঘটনা উদঘাটনের চেষ্টা চলছে।
