রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া এক সাক্ষাৎকারে পশ্চিম আফ্রিকার দেশ বুরকিনা ফাসোর সামরিক সরকারপ্রধান ক্যাপ্টেন ইব্রাহিম ত্রাওরে বলেছেন, ‘পশ্চিমা ধাঁচের গণতন্ত্র আফ্রিকানদের জন্য নয় এবং দেশের মানুষকে এই ব্যবস্থার কথা ‘ভুলে যেতে’ হবে। ওই সাক্ষাৎকারে তিনি দাবি করেন, গণতন্ত্র আফ্রিকার দেশগুলোতে শুধু রক্তপাতই বয়ে এনেছে।
সাক্ষাৎকারে ত্রাওরে লিবিয়ার উদাহরণ টেনে বলেছেন, ‘লিবিয়ার দিকে তাকিয়ে দেখুন। যেখানেই পশ্চিমা শক্তিরা গণতন্ত্র প্রতিষ্ঠার চেষ্টা করেছে, সেখানেই রক্তগঙ্গা বয়ে গেছে।’ তিনি সাবেক লিবীয় নেতা মুয়াম্মার গাদ্দাফির পতনের পরবর্তী বিশৃঙ্খল পরিস্থিতির কথা উল্লেখ করে গণতন্ত্রের কঠোর সমালোচনা করেন।
৩৮ বছর বয়সী এই সামরিক নেতা ৩ বছর আগে এক অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখল করেন। ক্ষমতা গ্রহণের শুরুতে ২০২৪ সালের জুলাইয়ের মধ্যে গণতন্ত্রে ফেরার প্রতিশ্রুতি দিলেও সম্প্রতি জান্তা সরকার তাদের শাসনের মেয়াদ আরও ৫ বছর বৃদ্ধি করেছে। ক্ষমতা গ্রহণের পর থেকেই নানা পদক্ষেপ ও বক্তব্যের জন্য ত্রাওরে আলোচিত এবং প্রশংসিত।
ত্রাওরে বাস্তুচ্যুত ব্যক্তিদের জন্য আবাসন সংকট মোকাবিলায় উদ্যোগ নিয়েছেন। এ ছাড়া মসজিদ নির্মাণে সৌদি আরবের প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন। অর্থনৈতিক স্বনির্ভরতার জন্য প্রচেষ্টায় আইএমএফ থেকে আর্থিক সহায়তা প্রত্যাখ্যান করেছেন।
