চান্দের গাড়িতে শিক্ষকের ব্যতিক্রমী বিদায়

আপডেট : ০৫ এপ্রিল ২০২৬, ১২:৪৪ এএম

মৌলভীবাজারের কমলগঞ্জ সরকারি বহুমুখী মডেল উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক কৃষ্ণকুমার সিংহ দীর্ঘ শিক্ষকতা জীবনের ইতি টেনে অবসরে গেলেন। প্রিয় শিক্ষকের এই বিদায়কে স্মরণীয় করে রাখতে এক ব্যতিক্রমী ও রাজকীয় বিদায় সংবর্ধনার আয়োজন করে বিদ্যালয়ের এসএসসি ১৯৯৮ ব্যাচের শিক্ষার্থীরা। গতকাল শনিবার বিদ্যালয়ে এই অনুষ্ঠানে প্রধান আকর্ষণ ছিল ফুলের সাজে সজ্জিত একটি ‘চান্দের গাড়ি’ জিপ। অনুষ্ঠান শেষে ওই সুসজ্জিত গাড়িতে করেই প্রিয় শিক্ষককে রাজকীয় সম্মানে বাড়িতে পৌঁছে দেওয়া হয়।

বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক তাজ উদ্দিন আহমেদের সভাপতিত্বে অতিথি হিসেবে ছিলেন বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক রণেন্দ্র কুমার দেব, কমলগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল মুমিন, ভা-ারিগাঁও উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক খুরশেদ আলী এবং জনতা ব্যাংক শ্রীমঙ্গল শাখার ব্যবস্থাপক সালাহ উদ্দিন আহমেদ।

সংবর্ধনা অনুষ্ঠানে বক্তারা কৃষ্ণ কুমার সিংহের দীর্ঘ কর্মজীবনের স্মৃতিচারণ করে বলেন, তিনি ছিলেন একজন নিষ্ঠাবান ও আদর্শ শিক্ষক। তার হাত ধরে হাজারো শিক্ষার্থী আজ সুপ্রতিষ্ঠিত। বিশেষ করে ’৯৮ ব্যাচের শিক্ষার্থীদের এমন আয়োজন শিক্ষক-ছাত্রের বিরল সম্পর্কের এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে।

বিদায়ী শিক্ষক কৃষ্ণ কুমার সিংহ তার বক্তব্যে আবেগাপ্লুত হয়ে পড়েন। তিনি শিক্ষার্থীদের এমন ভালোবাসায় সিক্ত হয়ে সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং বিদ্যালয়ের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেন। অনুষ্ঠান শেষে প্রাক্তন শিক্ষার্থীদের অংশগ্রহণে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। শিক্ষার্থীদের ভালোবাসা আর অশ্রুসিক্ত নয়নে বিদায় নেন এই গুণী শিক্ষক।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত