সিটি করপোরেশনের ময়লার গাড়িচাপায় সড়কে ফের মৃত্যু

আপডেট : ০৫ এপ্রিল ২০২৬, ০৭:৪৬ এএম

রাজধানীর খিলগাঁওয়ে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ময়লার গাড়ির চাপায় সাজেদুল ইসলাম (৪৫) নামে এক মোটরসাইকেল চালক প্রাণ হারিয়েছেন। গতকাল শনিবার সকালে খিলগাঁওয়ের দক্ষিণ বনশ্রীর ডি-ব্লক এলাকায় এ দুর্ঘটনা ঘটে। সাজেদুল খিলগাঁওয়ের ওমর আলী লেনে থাকতেন। পেশায় ব্যবসায়ী ছিলেন। বাবার নাম আবদুল হাকিম।

দুর্ঘটনায় মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে খিলগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শফিকুল ইসলাম বলেন, এ ঘটনায় গাড়িচালক সেলিম বাবুকে (৫০) গ্রেপ্তার ও গাড়িটিও জব্দ করা হয়েছে।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, সকালের দিকে সিটি করপোরেশনের একটি ময়লার দ্রুতগতির গাড়ি একটি মোটরসাইকেলকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে মোটরসাইকেলচালক নিহত হন। পরে স্থানীয়রা খবর দিলে পুলিশ এসে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠায়।

খিলগাঁও থানার উপপরিদর্শক (এসআই) আশিকুর রহমান বলেন, ছেলেকে ব্র্যাক বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নামিয়ে মোটরসাইকেলে বাসায় ফিরছিলেন সাজেদুল। দক্ষিণ বনশ্রী এলাকায় পৌঁছালে ডিএসসিসির একটি ময়লার গাড়ি তাকে চাপা দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য দুপুরে ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।

এর আগেও সিটি করপোরেশনের ময়লার গাড়ির চাপায় অনেকেই নিহত হয়েছেন। ২০২৪ সালের ২৫ এপ্রিল রাতে রাজধানীর মুগদায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ময়লার গাড়ির ধাক্কায় মাহিন আহমেদ (১৩) নামে মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের সপ্তম শ্রেণির এক ছাত্র নিহত হয়েছে। ২০২৩ সালের ৬ মার্চ ঢাকা উত্তর সিটি করপোরেশনের ময়লাবাহী গাড়িচাপায় মারা যান আবু তৈয়ব (২৬) নামে একজন কাপড় ব্যবসায়ী। ২০২১ সালের ২৪ নভেম্বর সিটি করপোরেশনের ময়লার গাড়ির ধাক্কায় গুলিস্তানে প্রাণ হারান নটর ডেম কলেজের ছাত্র নাঈম হাসান।

ট্রেন থেকে নামতে গিয়ে কিশোরের মৃত্যু : রাজধানীর গেন্ডারিয়া রেলস্টেশনে চলন্ত ট্রেন থেকে নামতে গিয়ে মো. আশরাদুল (১৩) নামে এক কিশোরের ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে। গতকাল র বিকেল সাড়ে ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে। পরে আশরাদুলকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় বিকেল সাড়ে ৫টার দিকে মারা যায় সে।

নিহত মো. আশরাদুলকে হাসপাতালে নিয়ে আসা পথচারী ইউসুফ জানান, কেরানীগঞ্জের হাসনাবাদ থেকে নারায়ণগঞ্জগামী একটি ট্রেনে উঠেছিল ওই কিশোর। পরে আশরাদুল গেন্ডারিয়া স্টেশনে চলন্ত ট্রেন থেকে নামতে গিয়ে ট্রেনের ফাঁকা জায়গায় ঢুকে যায় এবং এতে সে গুরুতর আহত হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত