মুন্সীগঞ্জ পৌরসভার পৃথক দুই স্থানে অভিযান চালিয়ে বেশি দামে এলপি গ্যাস সিলিন্ডার বিক্রির অপরাধে দুই ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষর অধিদপ্তর।
আজ রবিবার ( ৫ এপ্রিল) দুপুরে পৌরসভার হাটলক্ষ্মীগঞ্জ ও দেওভোগ এলাকায় পৃথক ওই অভিযান চালান অধিদপ্তরের জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আসিফ আল আজাদ।
তিনি জানান, দুপুর সাড়ে ১২টার দিকে পৌরসভার হাটলক্ষ্মীগঞ্জ এলাকায় অভিযান চালালে সরকার নির্ধারিত বেশি দামে এলপি গ্যাসের সিলিন্ডার বিক্রি করায় সেখানকার মেসার্স রিফাত স্টোরের মালিক আয়নাল সরকারকে ৫ হাজার টাকা জরিমানা করেন। পরে দুপুর দেড়টার দিকে দেওভোগ বাজারের রাইয়ান স্টোরের মালিক মুরাদকে একই অপরাধে ৫ হাজার টাকা জরিমানা করেন।
তিনি আরও জানান, ১২ কেজির একেকটি এলপি গ্যাস সিলিন্ডার সরকার ১ হাজার ৭২৮ টাকা নির্ধারণ করে দিয়েছে। অথচ ব্যবসা প্রতিষ্ঠানে প্রতিটি সিলিন্ডার ২ হাজার টাকা দরে বিক্রি করছিল।
