‘সংবিধান সংস্কার আন্দোলন’ ঘোষণা করল জুলাই মঞ্চ

আপডেট : ০৫ এপ্রিল ২০২৬, ০৭:৪৩ পিএম

‘সংবিধান সংস্কার আন্দোলন’ নামে নতুন কর্মসূচি ঘোষণা করেছে জুলাই মঞ্চ। দেশের মানুষের প্রকৃত আশা-আকাঙ্ক্ষা বাস্তবায়নের জন্য যে সংবিধান প্রয়োজন, তা নিশ্চিত না হওয়া পর্যন্ত এই আন্দোলন চালিয়ে যাবে সংগঠনটি।

রবিবার (৫ এপ্রিল) শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে ‘কোন পথে বাংলাদেশ-নতুন অধ্যায় নাকি পুরনো ধারায় ফেরা?’ শীর্ষক এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন জুলাই মঞ্চের আহ্বায়ক আরিফুল ইসলাম।

তিনি বলেন, জুলাই মঞ্চের পক্ষ থেকে আজ থেকে আমরা ‘সংবিধান সংস্কার আন্দোলন’ ঘোষণা করছি। আমাদের এই সংবিধান সংস্কার এবং প্রকৃতপক্ষে এ দেশের মানুষের আশা-আকাঙ্ক্ষা বাস্তবায়নের জন্য যে সংবিধান দরকার, সেটা নিশ্চিত হওয়ার আগ পর্যন্ত জুলাই মঞ্চ নিপীড়িত, শোষিত, বঞ্চিত, দরিদ্র মানুষদের নিয়ে আবারও বাংলাদেশে বিপ্লব গড়ে তুলবে। এই সংবিধান সংস্কার, সংবিধান পুনর্লিখন এবং ১৯৭২ সালের ভারতের লেখা সংবিধান পরিবর্তনের আগ পর্যন্ত আমাদের যুদ্ধ চলবে।

আরিফুল ইসলাম বলেন, ১৯৭২ সালের সংবিধান নিয়ে বিতর্ক দীর্ঘদিনের। বাংলাদেশের আপসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া এই সংবিধানের বিষয়ে স্পষ্ট করে তার অভিযোগ জানিয়ে গেছেন। সতেরো বছর ধরে সেগুলো আমরা দেখেছি এবং চুয়ান্ন বছরের নিকৃষ্ট রাজনৈতিক সংস্কৃতি দূর করার জন্য সংবিধান সংস্কারের কথা আমরা বলে আসছি।

তিনি আরও বলেন, ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন হয়েছে, তারপর থেকে জুলাই মঞ্চ টানা দেড় থেকে দুই মাস এই সরকারের বিভিন্ন অবস্থা পর্যবেক্ষণ করছে। তারা রাজপথে এ পর্যন্ত কোনো কর্মসূচির ঘোষণা দেয়নি। এই দেড় মাসে আমরা দেখেছি, জুলাইয়ের আকাঙ্ক্ষা এই সরকার অত্যন্ত সুপরিকল্পিতভাবে ধ্বংস করছে। অন্তর্বর্তী সরকার যে যৎসামান্য সাফল্য দেখিয়েছে, সেই সাফল্যগুলোর কফিনে পেরেক মারার জন্য এই সরকার উঠে পড়ে লেগেছে। সেজন্য আজকে আমরা সংবাদ সম্মেলনে এই শিরোনাম করতে বাধ্য হয়েছি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত