ক্ষমতায় থেকেও ‘সাধারণ’ তারেক রহমান, প্রশংসা রুহুল আমিনের

আপডেট : ০৫ এপ্রিল ২০২৬, ০৯:৪৭ পিএম

জাতীয় পার্টির (আনিসুল) মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমান ক্ষমতায় থেকেও সাধারণ জীবনযাপন করছেন এবং তার মধ্যে কোনো দম্ভ বা অহংকারের লক্ষণ দেখা যাচ্ছে না। 

রবিবার (৫ এপ্রিল) রাজধানীর গুলশানে একটি কমিউনিটি সেন্টারে জাতীয় পার্টি (আনিসুল) ও জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট আয়োজিত ঈদ পুনর্মিলনী ও আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন।

রুহুল আমিন হাওলাদার বলেন, ক্ষমতায় গেলে অনেকেই অতীত ভুলে যান। কিন্তু প্রধানমন্ত্রী তারেক রহমানের মধ্যে তার ব্যতিক্রম দেখছি। তিনি অত্যন্ত সাধারণভাবে চলাফেরা করছেন। সাধারণ মানুষ সহজেই তার সঙ্গে কথা বলতে পারছেন। প্রধানমন্ত্রীর কর্মনিষ্ঠা দৃশ্যমান, সকাল থেকেই তিনি অফিসে যোগ দেন এবং রাত পর্যন্ত কাজ করেন।

সভায় প্রধান অতিথির বক্তব্যে জাতীয় পার্টির চেয়ারম্যান আনিসুল ইসলাম মাহমুদ বলেন, সংসদে মানুষের দৈনন্দিন কষ্টের বিষয়গুলো যথাযথভাবে আলোচিত হচ্ছে না। তেলের দামসহ জনজীবনের গুরুত্বপূর্ণ ইস্যুতে আরও গুরুত্ব দেওয়া প্রয়োজন।

তিনি জানান, বর্তমান সরকারকে সময় দিয়ে গঠনমূলক সহযোগিতা করতে চায় তার দল। একইসঙ্গে লাঙল প্রতীক ফিরে পেতে শিগগিরই উচ্চ আদালতে যাওয়ার কথাও জানান তিনি।

অনুষ্ঠানে বক্তারা প্রতিহিংসামুক্ত রাজনীতি প্রতিষ্ঠা, গণতান্ত্রিক ধারা শক্তিশালী করা এবং সরকারের কার্যক্রমে গঠনমূলক সমালোচনার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন।

রুহুল আমিন হাওলাদার তার বক্তব্যে আগের সরকারের সমালোচনা করে বলেন, বিগত সময়ের বিভিন্ন কর্মকাণ্ড তদন্ত করে দায়ীদের জবাবদিহির আওতায় আনা উচিত। তিনি হামের টিকা সংকট ও শিশু মৃত্যুর বিষয়েও উদ্বেগ প্রকাশ করেন।

এ ছাড়া বৈশ্বিক প্রেক্ষাপটে সম্ভাব্য জ্বালানি সংকটের কথা উল্লেখ করে তিনি নাগরিকদের সাশ্রয়ী ব্যবহারের আহ্বান জানান।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত