৭ দিনের মধ্যে অবৈধ বাস কাউন্টার সরানোর নির্দেশ

আপডেট : ০৬ এপ্রিল ২০২৬, ০৭:৪১ এএম

রাজধানীর যানজট নিরসন ও ট্রাফিক ব্যবস্থাপনা আধুনিকায়নের লক্ষ্যে ঢাকা মহানগরের অভ্যন্তরে অবস্থিত অনুমোদনহীন আন্তঃজেলা বাস কাউন্টার অপসারণের নির্দেশ দিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। গতকাল রবিবার ডিএমপি কমিশনার (ভারপ্রাপ্ত) মো. সরওয়ার স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়।

গণবিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা মহানগরের বিভিন্ন এলাকায় অনুমোদনহীন বা রুট পারমিট ছাড়াই পরিচালিত আন্তঃজেলা নাইট কোচ কাউন্টার, পার্কিং ও যাত্রী ওঠানামার কার্যক্রমের কারণে শহরে যান চলাচলে বিঘœ ঘটছে। ফলে রাতের সময়ও তীব্র যানজটের সৃষ্টি হচ্ছে। এ পরিস্থিতিতে বিজ্ঞপ্তি জারির ৭ কার্যদিবসের মধ্যে গাবতলী, মহাখালী ও সায়েদাবাদ বাস টার্মিনাল ছাড়া মহানগরের অন্য কোনো স্থানে আন্তঃজেলা বাসের কাউন্টার পরিচালনা না করার নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে বিভিন্ন স্থানে স্থাপিত অবৈধ নাইট কোচ কাউন্টার স্ব-উদ্যোগে অপসারণের জন্য সংশ্লিষ্টদের অনুরোধ করা হয়েছে।

ডিএমপি জানায়, নির্ধারিত সময়ের মধ্যে নির্দেশনা বাস্তবায়ন না হলে সড়ক পরিবহন আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে আইন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত