চাঁদাবাজির মামলা

আপসে খালাস পেলেন আ.লীগের সাংগঠনিক সম্পাদক মোজাম্মেল

আপডেট : ০৬ এপ্রিল ২০২৬, ০৭:৪২ এএম

আওয়ামী লীগের (এখন কার্যক্রম নিষিদ্ধ) সাংগঠনিক সম্পাদক ও শরীয়তপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য বি এম মোজাম্মেল হককে চাঁদা দাবির মামলায় খালাস দিয়েছে আদালত। গতকাল রবিবার ঢাকার ১৪তম অতিরিক্ত মহানগর দায়রা জজ মাহমুদা আক্তার এ রায় দেন। গত বুধবার মামলার বাদী খলিলুর রহমান আদালতকে বলেন, আসামি ও তার মধ্যে আপস মীমাংসা হয়ে গেছে। মোজাম্মেল হক খালাস পেলে কোনো আপত্তি নেই। এরপর আদালত এ মামলার রায়ের জন্য গতকাল (৫ এপ্রিল) দিন ধার্য করে। তবে, কারাগারে থাকা মোজাম্মেল হকের বিরুদ্ধে আরও মামলা থাকায় এখনই তিনি মুক্তি পাচ্ছেন না। 

মামলায় অভিযোগে বলা হয়, ২০১৪ সালের জাতীয় নির্বাচনের আগে খলিলুর রহমানকে আওয়ামী লীগ ও ছাত্রলীগের পালিত লোকজনদের দিয়ে ধানমন্ডির অফিসে ডেকে নেন মোজাম্মেল হক। নির্বাচনী খরচ বাবদ তার কাছে ২৫ লাখ টাকা চাঁদা দাবি করেন তিনি। খলিলুর রহমানকে তিন দিনের মধ্যে টাকা দেওয়ার জন্য চাপ দেয়, অন্যথায় তাকে গুম করার হুমকি দেন। পরবর্তী সময়ে মোজাম্মেল হক নিজ এলাকা শরীয়তপুরে ওই ব্যবসায়ীর বিরুদ্ধে ব্যবসায়ী সমিতির কাছে নানা অভিযোগ ও হুমকি দিয়ে তার ব্যবসা বন্ধ করে দেয়। আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকারের পতনের পর ২০২৪ সালের ২৪ আগস্ট খলিলুর রহমান আদালতে এ মামলাটি  করেন। গত বছরের ৫ অক্টোবর ঢাকার নিকেতন থেকে মোজাম্মেল হককে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত