স্বাস্থ্য প্রতিমন্ত্রীর গাড়ি আটকিয়ে গাজীপুরে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালকের বিরুদ্ধে বিক্ষোভ করেছেন এলাকাবাসী। এ সময় তারা প্রতিমন্ত্রীর কাছে হাসপাতালের পরিচালকের বিরুদ্ধে নানা অভিযোগ তুলে ধরেন। গতকাল রবিবার দুপুরে ওই হাসপাতালের সামনে এ ঘটনা ঘটে। স্থানীয়দের অভিযোগের বিষয়ে প্রতিমন্ত্রী তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া আশ্বাস প্রদান করেছেন।
জানা গেছে, স্বাস্থ্য ও পরিবারকল্যণ প্রতিমন্ত্রী ডা. এমএ মুহিত গতকাল রবিবার সকালে গাজীপুর সদর উপজেলার ভাওয়াল মির্জাপুরে হাম-রুবেলার টিকাদান কর্মসূচি উদ্বোধন শেষে দুপুর ১২টার দিকে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শনে যান। এ সময় তার সঙ্গে স্থানীয় সংসদ সদস্য এম মঞ্জুরুল করিম রনি, জেলা ড্যাবের সভাপতি ডা. আলী আকবর পলানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পরিদর্শন শেষে প্রতিমন্ত্রী হাসপাতাল থেকে বের হয়ে গাজীপুর সার্কিট হাউজে যাওয়ার পথে স্থানীয় কিছু লোক ব্যানার নিয়ে মন্ত্রীর গাড়ির সামনে দাঁড়ান এবং হাসপাতালের পরিচালক মো. আমিনুল ইসলামের নানা অনিয়ম, দুর্নীতিসহ তাকে অপসারণের দাবি জানান। বিক্ষোভকারীরা প্রতিমন্ত্রীকে জানিয়েছেন, বর্তমান পরিচালক ডা. আমিনুল ইসলাম ফ্যাসিস্ট আমলে সাবেক যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেলের আস্থাভাজন ব্যক্তি হিসেবে এ হাসপাতালে পরিচালক হিসেবে নিয়োগ পান। এখনো তিনি বহাল তবিয়তে আছেন। তার স্বেচ্ছাচারিতায় হাসপাতালের পরিবেশ অত্যন্ত নাজুক। হাসপাতালে কোনো চিকিৎসক সময়মতো থাকেন না। রোগী এলে তাদের ঢাকায় রেফার্ড করে দেওয়া হয়। হাসপাতালের জরুরি ও প্রয়োজনীয় চিকিৎসাসামগ্রীগুলো ইচ্ছাকৃতভাবে নষ্ট করে রাখা হয়। হাসপাতালের পরিবেশও নোংরা। বারবার পরিচালককে এসব বিষয়ে অবহিত করলেও তিনি কোনো ব্যবস্থা নিচ্ছেন না। তিনি বর্তমান সরকারের ইমেজ নষ্ট করার জন্য স্বাস্থ্যসেবাকে মানুষের প্রশ্নের মুখোমুখি করার চেষ্টা করছেন।
হাসপাতালের পরিচালক মো. আমিনুল ইসলামের বক্তব্য জানতে তার মোবাইলে ফোন করা হলেও তিনি ফোন ধরেননি।
