বিচার বিভাগ স্বাধীন ও স্বতন্ত্রভাবে কাজ করলে মানুষের ন্যায়বিচার প্রাপ্তির অধিকার সুনিশ্চিত হয় বলে মন্তব্য করেছেন অ্যাটর্নি জেনারেল মো. রুহুল কুদ্দুস কাজল। গতকাল রবিবার বিকেলে রাজধানীর শেরেবাংলা নগরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত এবং শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে অ্যাটর্নি জেনারেল এ কথা বলেন। রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা বলেন, ‘একটি গণতান্ত্রিক সমাজব্যবস্থায় বিচার বিভাগ অত্যন্ত স্বাধীন ও স্বতন্ত্রভাবে কাজ করে থাকে। বিচার বিভাগ যখন স্বাধীন ও স্বতন্ত্রভাবে কাজ করে, তখন মানুষের ন্যায়বিচার প্রাপ্তির যে অধিকার সে অধিকারটি সুনিশ্চিত হয়।’
ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল বলেন, ‘গত ১২ ফেব্রুয়ারি নির্বাচনের পূর্ববর্তী তিনটি নির্বাচনের মাধ্যমে বাংলাদেশে গণতন্ত্রকে যেভাবে ধ্বংস করা হয়েছিল, এই নির্বাচনের মাধ্যমে আবার বাংলাদেশে গণতন্ত্রের যাত্রা শুরু হয়েছে। গণতন্ত্রের এ যাত্রা শুরু হওয়ার পরিপ্রেক্ষিতে আমরা মনে করি বাংলাদেশের সুশাসন সুনিশ্চিত হবে এবং যখন সুশাসন সুনিশ্চিত হবে, তখন মানুষের মৌলিক অধিকার হিসেবে তার ন্যায়বিচার প্রাপ্তির অধিকারটা সুরক্ষিত হবে।’ এ সময় অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মুহাম্মদ আবদুল জব্বার ভূঞা, মোহাম্মদ আরশাদুর রউফসহ ডেপুটি অ্যাটর্নি জেনারেল ও সহকারী অ্যাটর্নি জেনারেলরা উপস্থিত ছিলেন। প্রসঙ্গত, গত ২৫ মার্চ দেশের ১৮তম অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ পান জ্যেষ্ঠ আইনজীবী রুহুল কুদ্দুস কাজল।
