পার্বত্য চট্টগ্রামের পাহাড়ি আদিবাসীদের প্রধান সামাজিক ও ঐতিহ্যবাহী উৎসব ‘বিজু-বৈসু-সাংগ্রাই-বিহু-চাংক্রান ও বিষু। এই উৎসব উপলক্ষে আগামী ৯ এপ্রিল বৃহস্পতিবার রাজধানীতে শুরু হবে তিন দিনব্যাপী বিশেষ মেলা। রাজধানীর মিরপুর-১৩ নম্বরের শাক্যমুনি বৌদ্ধ বিহার প্রাঙ্গণে আয়োজিত মেলা চলবে ১১ এপ্রিল পর্যন্ত। সর্বসাধারণের জন্য মেলা প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত উন্মুক্ত থাকবে।
‘ঢাকাস্থ পার্বত্য উদ্যোক্তা ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেড’-এর উদ্যোগে এবং ‘সিএইচটি ওয়েলফেয়ার সোসাইটি’-এর সহযোগিতায় দ্বিতীয়বারের মতো এই মেলার আয়োজন করা হয়েছে।
আয়োজক কর্তৃপক্ষ জানিয়েছে, মেলার উদ্বোধনী দিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পার্বত্য চট্টগ্রামবিষয়কমন্ত্রী দীপেন দেওয়ান। এ ছাড়া উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন পার্বত্য চট্টগ্রামের বরেণ্য ব্যক্তিবর্গ ও বিশিষ্ট নাগরিকরা।
এবারের মেলায় ৩০ থেকে ৩৫টি স্টলে পার্বত্য চট্টগ্রামের টাটকা কৃষি পণ্য, জুম চাষের সবজি, ঐতিহ্যবাহী হস্তশিল্প এবং রসনাবিলাসী পাহাড়ি খাবারের সমাহার থাকবে। প্রতিদিন সন্ধ্যায় থাকবে বিভিন্ন পাহাড়ি জাতিগোষ্ঠীর নিজস্ব সংস্কৃতির ঐতিহ্যবাহী গান ও নাচের মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা। সমাপনী দিনে বিশেষ আকর্ষণ হিসেবে থাকবে লটারি ড্র।
মেলার আনুষ্ঠানিক সমাপ্তির পরদিন অর্থাৎ ১২ এপ্রিল বসবে ‘স্পেশাল বিজু বাজার’।
