নেত্রকোনায় অবৈধভাবে ডিজেল মজুদ করার দায়ে একটি ব্যবসা প্রতিষ্ঠানকে আর্থিক জরিমানাসহ বিপুল পরিমাণ জ্বালানি তেল জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত।
আজ সোমবার (৬ এপ্রিল) রাতে সদর উপজেলার সদর মৌগাতী ইউনিয়নে হাটখলা বাজারে এই অভিযান পরিচালনা করা হয়।
জেলা প্রশাসনের সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে হাটখলা বাজারের মেসার্স রাকিবা জাহান ইভা ট্রেডার্সে অভিযান চালানো হয়। অভিযানে নেতৃত্ব দেন নেত্রকোনা সদরের সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. শামছুজ্জামান আসিফ। এ সময় প্রতিষ্ঠানটিতে নিয়ম বহির্ভূতভাবে মজুত করা ৪ হাজার ৩০০ লিটার ডিজেলের সন্ধান পায় ভ্রাম্যমাণ আদালত। জব্দকৃত এই জ্বালানি তেলের বর্তমান বাজারমূল্য আনুমানিক ৪ লাখ ২৫ হাজার টাকা।
পরে সরকারি নির্দেশনা অমান্য করে অবৈধভাবে জ্বালানি তেল মজুদের দায়ে ১টি মামলায় এই ব্যবসায়ীকে ২০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট।
নেত্রকোনার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ওয়াহিদুজ্জামান জানান, জেলায় জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক রাখা এবং কৃত্রিম সংকট রোধে জেলা প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে।
তিনি বলেন, অবৈধ মজুতদারদের বিরুদ্ধে আমাদের এই অবস্থান জিরো টলারেন্স। সাধারণ মানুষের ভোগান্তি লাঘবে এবং বাজার নিয়ন্ত্রণে এ ধরনের মোবাইল কোর্ট বা ভ্রাম্যমাণ আদালতের অভিযান জেলাজুড়ে অব্যাহত থাকবে।
