মামুন খালেদ তৃতীয়বারের মতো রিমান্ডে

আপডেট : ০৭ এপ্রিল ২০২৬, ০৭:৪৭ এএম

এক মামলায় তৃতীয়বারের মতো রিমান্ডে নেওয়া হয়েছে প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের (ডিজিএফআই) সাবেক মহাপরিচালক শেখ মামুন খালেদকে। গতকাল সোমবার ঢাকার একটি আদালত তার তিনদিনের রিমান্ড মঞ্জুর করে আদেশ দেয়। জুলাই অভ্যুত্থানের সময় রাজধানীর মিরপুরে দেলোয়ার হোসেন হত্যাকা-ের মামলায় এর আগে প্রথম দফায় পাঁচ দিন ও দ্বিতীয় দফায় ছয় দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করেছিল ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। দ্বিতীয় দফার রিমান্ড শেষে গতকাল আসামিকে ঢাকার আদালতে হাজির করেন মামলার তদন্ত কর্মকর্তা ও ডিবির উপপরিদর্শক কফিল উদ্দিন। উভয় পক্ষের শুনানি শেষে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সিদ্দিক আজাদ রিমান্ডের আবেদন মঞ্জুর করেন।

এদিন আসামিকে আরও জিজ্ঞাসাবাদের জন্য চার দিনের জন্য হেফাজতে নিতে আবেদন করেন তিনি। আবেদনে উল্লেখ করা হয়, জিজ্ঞাসাবাদে মামুন খালেদের কাছে মামলার ঘটনার বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে, যা তদন্তকাজে সহায়ক হবে। আসামির দেওয়া তথ্যগুলো যাচাই করা হচ্ছে। তার জন্য তাকে পুনরায় হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদ প্রয়োজন। রিমান্ডের পক্ষে শুনানিতে ছিলেন রাষ্ট্রপক্ষের আইনজীবী শামসুদ্দোহা সুমন। আসামির রিমান্ড বাতিল চেয়ে শুনানি করেন আইনজীবী মোরশেদ হোসেন শাহীন।

লেফটেন্যান্ট জেনারেল (অব.) মামুন খালেদকে গত ২৫ মার্চ গভীর রাতে রাজধানীর একটি এলাকা থেকে আটক করে ডিবি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত