চট্টগ্রামে ১৯ বছর আগের শিক্ষার্থী হত্যার ঘটনায় ৫ জনের মৃত্যুদন্ড

আপডেট : ০৭ এপ্রিল ২০২৬, ০৭:৪৮ এএম

চট্টগ্রামে ১৯ বছর আগে মলম পার্টি ও ছিনতাইকারীদের হাতে প্রাণ হারানো ফসিউর রহমান শাওন (২৭) নামে এক চার্টার্ড অ্যাকাউন্টেন্ট (সিএ) শিক্ষার্থী হত্যার ঘটনায় পাঁচজনকে মৃত্যুদন্ড দিয়েছে আদালত। গত রবিবার বিকেলে চট্টগ্রামের ষষ্ঠ অতিরিক্ত জেলা ও দায়রা জজ মুহাম্মদ আলী আক্কাস এ রায় দেন। রায়ে বিচারক মৃত্যুদ-প্রাপ্ত পাঁচ আসামির প্রত্যেককে ২৫ হাজার টাকা করে জরিমানা করেছেন। ওই সিএ শিক্ষার্থী হত্যার ঘটনায় অভিযোগ প্রমাণিত না হওয়ায় আদালত অপর ১০ আসামিকে বেকসুর খালাস দিয়েছে বলে জানিয়েছেন আদালতের বেঞ্চ সহকারী মো. রাকিব উদ্দিন।

মৃত্যুদন্ডপ্রাপ্তরা হলেন বেল্লাল হোসেন, জাকির হোসেন, শহীদ রাজা, আল আমিন গাজী ও মো. সোহেল। এদের মধ্যে প্রথম তিনজন কারাগারে থাকলেও বাকি দুজন পলাতক রয়েছেন। অন্যদিকে খালাস পাওয়া ব্যক্তিরা হলেন সেলিম, হুমায়ুন কবির, ডালিম মল্লিক, কবির, পনু ব্যাপারি, কামাল শিকদার, মিল্টন সরদার, মনির হোসেন, জামাল ও জসিম।

মামলার এজাহারে বলা হয়, ২০০৭ সালের ২৪ জুলাই বিকেলে শাওন নগরীর জিইসি মোড়ে ‘সাফ’ নামের সিএ কোচিং সেন্টারে যাওয়ার জন্য বাসা থেকে বের হন। ওইদিন রাতে নগরীর বাদশা মিয়া সড়কে তার গামছা পেঁচানো লাশ উদ্ধার করে পুলিশ।

মামলায় রাষ্ট্রপক্ষের আইনজীবী অতিরিক্ত জেলা পিপি নিলুফার ইয়াসমিন লাভলী বলেন, লাশ উদ্ধারের পর পুলিশের পক্ষ থেকে অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে মামলা করা হয়। পরে লাশ শনাক্ত হলে পরিবারের পক্ষ থেকে হত্যা মামলা করা হয়। ঘটনার তদন্তে পুলিশ বলেছে, কোচিং সেন্টার থেকে সিএনজি অটোরিকশা করে নগরীর হালিশহরে নিজের বাসায় যাওয়ার পথে কোনো এক সড়কে মলম পার্টি ও ছিনতাইকারীর খপ্পড়ে পড়েন শাওন। পরে তাকে গামছা পেঁচিয়ে হত্যার পর বাদশা মিয়া সড়কে লাশ ফেলে দেওয়া হয়।

আইনজীবী লাভলী বলেন, পুলিশি তদন্তে এ ঘটনার সঙ্গে যুক্তদের নাম উঠে আসে এবং বেশ কয়েকজনকে গ্রেপ্তার করা হয়। মামলায় গ্রেপ্তার সাতজন আসামি আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। ১৩ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে রবিবার রায় ঘোষণা করা হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত