ইসলাম ধর্ম অবমাননার অভিযোগে দুইটি পৃথক ঘটনায় তিনজনকে আটকের পর গ্রেপ্তার দেখিয়ে কারাগারে প্রেরণ করা হয়েছে। এর মধ্যে শ্রীপুরে এক বৃদ্ধ ও সাভারে মা-মেয়ে রয়েছেন।
বৃদ্ধ গ্রেপ্তার, কারাগারে প্রেরণ : শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি জানান, ধর্ম অবমাননার অভিযোগে গত রবিবার রাতে বরমী ইউনিয়নের পাঠানটেক কলেজপাড়ার বাসিন্দা শাহীন ভুঁইয়াকে (৬৫) তার বাড়ি থেকে আটক করা হয়। তার গ্রামের বাড়ি পাশের কাপাসিয়া উপজেলার টোক গ্রামে।
অভিযোগে জানা যায়, রবিবার সন্ধ্যায় শাহীন ভুঁইয়া বরমী বাজারের এক ব্যবসায়ীর দোকানে বসে ইসলাম ধর্ম নিয়ে বিরূপ মন্তব্য করেন বলে অভিযোগ ছড়িয়ে পড়লে উত্তেজনার সৃষ্টি হয়। একদল ক্ষুব্ধ মুসল্লি তার বাড়ি ঘেরাও করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল এসে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করে। একপর্যায়ে বাড়ির তালবদ্ধ গেট ভেঙে পুলিশ ও মুসল্লিরা বাড়িতে ঢুকে তাকে আটক করে। এ সময় কোনো মারধরের ঘটনা ঘটেনি।
বিক্ষোভে নেতৃত্ব দেওয়া ইসলামি আন্দোলন বাংলাদেশের বরমী ইউনিয়ন শাখার সভাপতি মুফতি মাওলানা মাহদী হাসান জানান, ওই লোক ইসলাম ধর্ম নিয়ে বিভিন্ন কটূক্তিমূলক কথা বলে শুনতাম। কিন্তু কোনো প্রমাণ ছিল না। রবিবার যেখানে ঘটনা ঘটেছে, সেখান থেকে আমাদের জানানো হয়। এরপর আমরা প্রতিবাদ সমাবেশ করি।
শ্রীপুর মডেল থানার ওসি (অপারেশন) সঞ্জয় সাহা জানান, অভিযুক্ত শাহীন ভুঁইয়ার বিরুদ্ধে ধর্ম অবমাননার মামলা হয়েছে। তাকে গ্রেপ্তার দেখিয়ে গতকাল সোমবার আদালতে তোলা হয়। আদালত তাকে কারাগারে পাঠিয়ে দেয়।
সাভারে মা-মেয়ে গ্রেপ্তার : সাভার (ঢাকা) সংবাদদাতা জানান, ধর্ম অবমাননার অভিযোগে এক মাস আগে দায়ের করা জিডির ভিত্তিতে গত রবিবার রাতে সাভারের বনগাঁও ইউনিয়নের কোন্ডা কোর্টাপাড়া থেকে দুইজনকে আটক করে সাভার মডেল থানা পুলিশ। তারা হলেনÑ মনসুর আহম্মদ সরকারের স্ত্রী আমিনা মনসুর (৫০) ও তার মেয়ে জান্নাত আক্তার (১৬)।
সাভার মডেল থানার ওসি আরমান আলী জানান, ৬ ফেব্রুয়ারি সাভারের বনগাঁও ইউনিয়নের কোন্ডা এলাকায় গ্রেপ্তারকৃত আমিনা মনসুর ও জান্নাত আক্তার বইসদৃশ একটি বস্তু প্রতিবেশী আবির হাসানের বাড়িতে ফেলে যায়। পরে রাতে বাড়ির মেঝেতে একটি কোরআন শরিফ পড়ে থাকতে দেখেন আবির। এ নিয়ে সাভার মডেল থানায় ২৬ ফেব্রুয়ারি আবির হাসান বাদী হয়ে একটি সাধারণ ডাইরি (জিডি) করেন। সেখানে কোরআন শরিফ অবমাননার অভিযোগ উল্লেখ করা হয়।
থানার উপপরিদর্শক ইমরান হোসেন জানান, ধর্ম অবমাননার অভিযোগে মা-মেয়েকে আটক করার পর তাদের বিরুদ্ধে কোরআন শরিফ ফেলে দেওয়ার অভিযোগে মামলা হয়েছে। তাদের গ্রেপ্তার দেখিয়ে গতকাল সোমবার দুপুরে আদালতে প্রেরণ করা হয়।
পুলিশ পরিদর্শক কামাল হোসেন জানান, মা-মেয়েকে আদালত কারাগারে পাঠিয়েছে। তবে জান্নাত আক্তার (১৬) শিশু হওয়ার কারণে তার ব্যাপারে আজ মঙ্গলবার শিশু আদালতে শুনানি হবে।
