ফেসবুক পেজ ফিরে পেলেন তাজু

আপডেট : ০৭ এপ্রিল ২০২৬, ০৭:৪৯ এএম

সামাজিক যোগাযোগমাধ্যমে কনটেন্ট তৈরি করে ভাইরাল কুড়িগ্রামে নাগেশ^রী উপজেলার নারায়ণপুরের বাসিন্দা তাইজুল ইসলাম তার ‘তাজু ভাই ২.০’ ফেসবুক পেজ ফিরে পেয়েছেন। গতকাল সোমবার থেকে পেজটি ফেসবুকে আবার দৃশ্যমান হয়েছে। এর আগে গতকাল রবিবার দুপুরে হঠাৎ করেই পেজটি উধাও হয়ে যায়।

তাইজুল ইসলামের ১ মিলিয়ন ফলোয়ারের ফেসবুক পেজটি ফিরে পাওয়ার খবরে স্বস্তি ফিরেছে ভক্ত ও স্থানীয়দের মধ্যে। পেজ ফিরে পেয়ে তাইজুল ইসলাম একটি ভিডিও বার্তায় বলেছেন, ‘আল্লাহর রহমতে আমি পেজটা ফিরে পেয়েছি। আলহামদুলিল্লাহ।’

জানা যায়, রবিবার দুপুরের পর তাজু ভাই ২.০ পেজটি খুঁজে না পাওয়ায় ভক্তদের মধ্যে উদ্বেগ ছড়িয়ে পড়ে। অনেকেই আশঙ্কা করেন, সম্ভবত পেজটি হ্যাক হয়েছে অথবা সরিয়ে দেওয়া হয়েছে। তবে এক দিনের ব্যবধানে পেজটি পুনরুদ্ধার হওয়ায় সেই শঙ্কা কেটেছে। এদিকে তাইজুল ইসলামের ঘনিষ্ঠ সহযোগী শাহআলম হোসেন জানিয়েছেন, ‘প্রযুক্তিগত সাময়িক সমস্যার কারণে এমনটা ঘটেছিল। কয়েক ঘণ্টা পর আবারও পেজটি পাওয়া গেছে। বর্তমানে পেজটি চলমান রয়েছে।’

সংশ্লিষ্টরা বলছেন, সামাজিক যোগাযোগমাধ্যমে তাইজুল ইসলামকে ঘিরে অতিরিক্ত আলোচনা-সমালোচনা এবং ভিউনির্ভর কনটেন্ট তৈরির প্রবণতা তার জন্য বিব্রতকর পরিস্থিতি তৈরি করেছে। স্থানীয়দের অভিযোগ, কিছু কনটেন্ট নির্মাতা তাজুর সরলতাকে পুঁজি করে বিভিন্ন ধরনের ভিডিও ও পোস্ট তৈরি করেছেন, যা তার ব্যক্তিগত জীবনে নেতিবাচক প্রভাব ফেলতে পারে। স্থানীয় ইউনিয়ন পরিষদ সদস্য কবিরুল ইসলাম, তাইজুল ইসলামের ফেসবুক পেজটি ফিরে পাওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘তাইজুলের পেজ ফিরে পাওয়ায় এলাকার মানুষ খুশি।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত