আগুনে পুড়েছে ওসমানী বিমানবন্দরের ইমিগ্রেশন সার্ভার রুম

আপডেট : ০৭ এপ্রিল ২০২৬, ০৭:৪৯ এএম

সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশন সার্ভার রুম আগুনে পুড়ে গেছে। বৈদ্যুতিক গোলযোগ থেকে অগ্নিকা-ের ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। গত রবিবার মধ্যরাতে এ ঘটনা ঘটে। আগুনে ইমিগ্রেশন সার্ভার রুম ক্ষতিগ্রস্ত হওয়ায় গতকাল সোমবার ইমিগ্রেশন কার্যক্রম চলে ম্যানুয়াল পদ্ধতিতে। তবে এ কারণে ফ্লাইট ওঠানামায় কোনো বিঘœ ঘটেনি।

বিমানবন্দরসূত্র জানায়, রবিবার রাত সাড়ে ১১টার দিকে বিমানবন্দরের ইমিগ্রেশন সার্ভার রুমে আগুন লাগে। এতে কর্মকর্তা-কর্মচারীসহ বিমানবন্দরে উপস্থিত লোকজন আতঙ্কিত হয়ে পড়েন। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় এক ঘণ্টা প্রচেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সিলেটের ইন্সপেক্টর যীশু তালুকদার জানান, বিমানবন্দরের দোতলায় অবস্থিত ইমিগ্রেশন সার্ভার রুমে আগুন লেগেছিল। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে ছুটে যায়। তারা প্রায় এক ঘণ্টা প্রচেষ্টা চালিয়ে রাত সাড়ে ১২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। কী পরিমাণ ক্ষতি হয়েছে তা বিমানবন্দরের সংশ্লিষ্টরা বলতে পারবেন। বৈদ্যুতিক গোলযোগ থেকেই আগুনের সূত্রপাত বলে ধারণা করা হচ্ছে।

ওসমানী বিমানবন্দরের পরিচালক হাফিজ আহমদ বলেন, আগুনে ইমিগ্রেশন সার্ভার রুম পুড়ে যাওয়ায় সোমবার সকাল থেকে ইমিগ্রেশনের কার্যক্রম ম্যানুয়ালি করতে হচ্ছে। এভাবে কাজ করতে সময় একটু বেশি লাগলেও যাত্রীদের সেবা দেওয়া সম্ভব হচ্ছে। যে কারণে ফ্লাইট চলাচলে অগ্নিকা-ের কোনো প্রভাব পড়েনি। ক্ষতি প্রসঙ্গে তিনি বলেন, এ বিষয়ে ঢাকার ইমিগ্রেশন অফিসের সংশ্লিষ্টরা কাজ করছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত