ধর্ম অবমাননার মামলা

হাইকোর্টে জামিন পেলেন বাউল শিল্পী আবুল সরকার

আপডেট : ০৭ এপ্রিল ২০২৬, ০৭:৫০ এএম

ধর্ম অবমাননার মামলায় হাইকোর্টে জামিন পেলেন বাউল শিল্পী আবুল সরকার। তার জামিনের আবেদনের ওপর শুনানি নিয়ে গতকাল সোমবার বিচারপতি মো. আতোয়ার রহমান ও বিচারপতি মো. সগীর হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্টের অবকাশকালীন দ্বৈত বেঞ্চ তাকে অন্তর্বর্তীকালীন জামিনের এ আদেশ দেয়। আদালতে আসামিপক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী গাজী কামরুল ইসলাম সজল। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল সুলতানা আক্তার রুবি। অ্যাডভোকেট কামরুল ইসলাম সজল দেশ রূপান্তরকে বলেন, ‘আবুল সরকারকে ছয় মাসের জামিন দিয়েছে হাইকোর্ট। পাশাপাশি তার জামিন প্রশ্নে চার সপ্তাহের রুল দিয়েছে হাইকোর্ট। অন্য কোনো মামলা না থাকলে তার জামিনে মুক্তিতে বাধা নেই।’

আবুল সরকারের বিরুদ্ধে একই অভিযোগে গত বছরের ১ ডিসেম্বর ঢাকার আদালতে আরেকটি মামলা করেন একজন চিকিৎসক। গত বছরের ২০ নভেম্বর রাতে মাদারীপুরে একটি গানের আসর থেকে আবুল সরকারকে আটক করে মানিকগঞ্জ গোয়েন্দা শাখার (ডিবি) পুলিশের একটি দল। ধর্ম অবমাননার অভিযোগে পরদিন ঘিওর বন্দর মসজিদের ইমাম আবদুল্লাহ বাদী হয়ে আবুল সরকারের বিরুদ্ধে স্থানীয় থানায় মামলা করেন। এ মামলায় গ্রেপ্তার দেখিয়ে মানিকগঞ্জের সংশ্লিষ্ট আদালতে হাজির করা হলে তাকে কারাগারে পাঠানো হয়। সেই থেকে তিনি কারাগারে আছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত