সমাজকল্যাণ এবং মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন বলেছেন, নির্বাচনী ইশতেহারে নারী ও শিশু সুরক্ষার সুপারিশ বাস্তবায়নে রাজনৈতিক দলগুলোর প্রতিশ্রুতি পূরণে সরকার অঙ্গীকারাবদ্ধ। তিনি বলেন, বিএনপির নির্বাচনী ইশতেহারের প্রতিশ্রুতি বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশ থেকে নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে সরকার জিরো টলারেন্স বাস্তবায়ন করবে। গতকাল সোমবার ঢাকায় গুলশানে লেকশো’র হোটেলে প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ আয়োজিত ‘নির্বাচনী ইশতেহারে নারী ও শিশু সুরক্ষার সুপারিশ : রাজনৈতিক দলের প্রতিশ্রুতি ও ভবিষ্যৎ করণীয়’ শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, প্ল্যান ইন্টারন্যাশনালের এই উদ্যোগ প্রশংসনীয়। আমরা তাদের সুপারিশগুলো গুরুত্বসহকারে বিবেচনা করব এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনায় অন্তর্ভুক্ত করব। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর পলিসি ও স্ট্র্যাটেজি, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এবং সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান, জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য এবং ঢাকা-১২ আসনের সংসদ সদস্য সাইফুল আলম খান মিলন, রাজনীতিবিদ ডাক্তার তাসনিম জারা, এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব সাগুফতা বুশরা মিশমা প্রমুখ।
