তনু হত্যা মামলা

১০ বছর পর তিন সন্দেহভাজনের ডিএনএ পরীক্ষার নির্দেশ

আপডেট : ০৭ এপ্রিল ২০২৬, ০৭:৫৪ এএম

কুমিল্লার ভিক্টোরিয়া সরকারি কলেজের ইতিহাস বিভাগের শিক্ষার্থী ও নাট্যকর্মী সোহাগী জাহান তনু হত্যা মামলায় নতুন অগ্রগতি দেখা দিয়েছে। মামলার প্রায় এক দশক পর তিনজন সন্দেহভাজনের ডিএনএ পরীক্ষা করার নির্দেশ দিয়েছে আদালত।

এদিকে ন্যায়বিচার পাওয়ার আশায় প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে চান নিহতের বাবা ইয়ার হোসেন।

গতকাল সোমবার সকালে কুমিল্লার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলার তদন্ত কর্মকর্তা পিবিআইয়ের পরিদর্শক মো. তরিকুল ইসলাম হাজির হলে বিচারক মো. মুমিনুল হক এ নির্দেশ দেন।

আদালত সূত্র জানা যায়, মামলার অগ্রগতি জানতে সম্প্রতি আদালত থেকে পিবিআইকে চিঠি দেওয়া হয়। এর পরিপ্রেক্ষিতে তদন্ত কর্মকর্তা আদালতে লিখিত প্রতিবেদন দাখিল করেন। প্রতিবেদনের ভিত্তিতে বিচারক সন্দেহভাজন তিন ব্যক্তির ডিএনএ পরীক্ষা করার নির্দেশ দেন।

২০১৬ সালের ২০ মার্চ সন্ধ্যায় কুমিল্লা সেনানিবাস এলাকায় টিউশনি করতে গিয়ে নিখোঁজ হন তনু। পরে সেনানিবাসের একটি জঙ্গল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। পর দিন তার বাবা ইয়ার হোসেন অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে কুমিল্লার কোতোয়ালি মডেল থানায় হত্যা মামলা করেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত