ইরানের ১৩ হাজার লক্ষ্যবস্তুতে মার্কিন হামলা, ধ্বংস বিপুল যুদ্ধজাহাজ

আপডেট : ০৭ এপ্রিল ২০২৬, ১০:০৭ এএম

ইরানের বিরুদ্ধে চলমান সামরিক অভিযানে এখন পর্যন্ত ১৩ হাজারের বেশি লক্ষ্যবস্তুতে সফলভাবে হামলা চালানোর দাবি করেছে মার্কিন সেনাবাহিনী। মধ্যপ্রাচ্যে আমেরিকান সামরিক কার্যক্রম পরিচালনার দায়িত্বে থাকা ইউএস সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) এই তথ্য নিশ্চিত করেছে।

সেন্টকম জানিয়েছে, ইরানের ওপর পরিচালিত এই হামলার মূল নেতৃত্বে রয়েছে তারা। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে বাহিনীটি জানায়, মার্কিন অভিযানে এ পর্যন্ত ইরানের ১৫৫টিরও বেশি নৌযান বা যুদ্ধজাহাজ ক্ষতিগ্রস্ত অথবা সম্পূর্ণ ধ্বংস হয়েছে। 

বর্তমানে মার্কিন বাহিনী ‘অপারেশন এপিক ফিউরি’ নামে এই বিশাল সামরিক তৎপরতা চালাচ্ছে। এই অভিযানে আমেরিকার পারমাণবিক শক্তিচালিত বিমানবাহী রণতরি এবং সাবমেরিনগুলো সরাসরি অংশ নিচ্ছে বলে সেন্টকমের পক্ষ থেকে জানানো হয়েছে।

যুদ্ধে নিজেদের শক্তিমত্তার জানান দিতে অত্যাধুনিক সব যুদ্ধবিমানও ব্যবহার করছে ওয়াশিংটন। সেন্টকমের তথ্যমতে, রাডার ফাঁকি দিতে সক্ষম এফ-৩৫ স্টিলথ ফাইটার জেট থেকে শুরু করে বিশাল আকারের বি-৫২ বোমারু বিমানের একটি বিশাল বহর এই হামলায় অংশ নিচ্ছে। 

মধ্যপ্রাচ্যে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান এই সংঘাত এখন চরম উত্তেজনাকর পর্যায়ে পৌঁছেছে। তবে মার্কিন বাহিনীর এই দাবির পরিপ্রেক্ষিতে তেহরানের পক্ষ থেকে এখনো কোনো পাল্টা বিবৃতি পাওয়া যায়নি।

সূত্র: আল-জাজিরা

×
সর্বশেষ সর্বাধিক পঠিত