শিশু ধর্ষণ অপরাধ দমন ট্রাইব্যুনালের রায়ে আসামির যাবজ্জীবন

আপডেট : ০৮ এপ্রিল ২০২৬, ০৭:৪৯ এএম

ছয় বছর আগে ১২ বছরের শিশুকে ধর্ষণের মামলায় ধর্ষণকারীকে যাবজ্জীবন সশ্রম কারাদ- দিয়েছে আদালত। গতকাল মঙ্গলবার ঢাকার শিশু ধর্ষণ অপরাধ দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকীন এই রায় দেন। দন্ডিত আসামি হচ্ছেন রাজধানীর বনানীর কড়াইল বস্তির নাসির সিকদার। ভুক্তভোগীকে নেশাজাতীয় দ্রব্য খাওয়ানোর অভিযোগে আসামিকে আরও দুই বছরের কারাদ- দেয় আদালত। তাকে সাজা পরোয়ানা দিয়ে কারাগারে পাঠানো হয়। আদালত আসামিকে দুই লাখ টাকা অর্থদ- প্রদান করে। এই টাকা দন্ডিতের স্থাবর ও অস্থাবর সম্পত্তি নিলামে বিক্রি করে বিক্রয়লব্ধ অর্থ হতে আদায় করে ভুক্তভোগীকে দিতে ঢাকা জেলা প্রশাসনকে নির্দেশ দেয় আদালত।

মামলার অভিযোগ থেকে জানা যায়, ২০২০ সালের ৮ ফেব্রুয়ারি দুপুরে পূর্বপরিচয়ের সুবাদে নাসির সিকদার বারো বছরের শিশুটিকে কড়াইল বস্তির নিজ কক্ষে ডেকে নেয়। পরে নেশাজাতীয় দ্রব্য খাইয়ে তাকে অচেতন করে ধর্ষণ করে। ফলে শিশুটি অন্তঃসত্ত্বা হয়ে পড়ে। এই ঘটনায় শিশুটির পিতা নাসির সিকদারকে আসামি করে বনানী থানায় এ মামলা করেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত