এবার হত্যা মামলায় রিমান্ডে নেওয়া হয়েছে প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের সাবেক মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল (অব.) মাসুদ উদ্দিন চৌধুরীকে। জুলাই গণঅভ্যুত্থানের সময় মিরপুরে দেলোয়ার হোসেন নামের এক ব্যক্তিকে হত্যার এ মামলায় রিমান্ডে নিতে গতকাল মঙ্গলবার তাকে আদালতে হাজির করা হয়। শুনানি নিয়ে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মনিরুল ইসলাম আসামির চার দিনের রিমান্ড মঞ্জুর করেন। এর আগে রাজধানীর পল্টন থানায় মানব পাচার আইনের মামলায় তিন দফায় মোট ১৪ দিনের রিমান্ডে ছিলেন মাসুদ উদ্দিন চৌধুরী।
তৃতীয় দফার রিমান্ড শেষে দেলোয়ার হোসেন হত্যা মামলায় মাসুদ উদ্দিনকে গ্রেপ্তার দেখানো এবং সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করে পুলিশ। রিমান্ড আবেদনে বলা হয়Ñ প্রাথমিক তদন্তে এ মামলায় মাসুদ উদ্দিনের জড়িত থাকার বিষয়ে পর্যাপ্ত তথ্য-প্রমাণ পাওয়া গেছে। ঘটনার মূল রহস্য উদ্ঘাটন ও সুষ্ঠু তদন্তের স্বার্থে তাকে এই মামলায় গ্রেপ্তার দেখানোসহ নিবিড়ভাবে পুলিশি জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ডে নেওয়া প্রয়োজন।
গতকাল দুপুর ১টার দিকে মাসুদ উদ্দিনকে হেলমেট ও হাতকড়া পরিয়ে আদালতে হাজির করা হয়। শুনানিতে রাষ্ট্রপক্ষের আইনজীবী ওমর ফারুক ফারুকী রিমান্ড আবেদনের পক্ষে শুনানি করেন। তবে এ সময় আসামিপক্ষে কোনো আইনজীবী ছিলেন না। শুনানি শেষে আদালত রিমান্ড মঞ্জুর করে। মামলার অভিযোগ অনুযায়ী, ২০২৪ সালের ১৯ জুলাই অভ্যুত্থানের সময় ঢাকার মিরপুর ১০ নম্বরের ফলপট্টিতে হামলা চালিয়ে দেলোয়ার হোসেন (৪০) নামের এক ব্যক্তিকে হত্যা করা হয়। এই মামলায় মাসুদ উদ্দিন চৌধুরীর সংশ্লিষ্টতা পাওয়া গেছে।