ধর্ষণের প্রতিবাদ করায় যুবকের রগ কাটল অভিযুক্তের বাবা

আপডেট : ১১ এপ্রিল ২০২৬, ০১:৩৯ এএম

কুমিল্লার মুরাদনগরে আট বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগে মেহেদী হাসান নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। একই ঘটনায় ধর্ষণের প্রতিবাদ করতে গিয়ে এক যুবকের পায়ের রগ কেটে দেওয়ার অভিযোগ উঠেছে অভিযুক্তের বাবার বিরুদ্ধে। নির্যাতনের শিকার শিশুটির বাবার করা মামলায় গ্রেপ্তার দেখিয়ে গতকাল শুক্রবার দুপুরে অভিযুক্ত মেহেদী হাসানকে জেলহাজতে পাঠানো হয়েছে।

অভিযুক্ত মেহেদী হাসান (২০) উপজেলার ধামঘর ইউনিয়নের পরমতলা গ্রামের দেলোয়ার হোসেন ওরফে দুলালের ছেলে।

পুলিশ ও মামলার অভিযোগ সূত্রে জানা যায়, অভিযুক্ত মেহেদী হাসান নির্যাতনের শিকার ওই শিশুটির দূর সম্পর্কের মামাতো ভাই। গত বৃহস্পতিবার দুপুরে পরমতলা গ্রামের নানার বাড়িতে বেড়াতে আসা আট বছর বয়সী শিশুটি গোসল করে ঘরে ফিরছিল। এ সময় অভিযুক্ত মেহেদী হাসান ওই শিশুটিকে বিভিন্ন প্রলোভন দেখিয়ে নির্জন জায়গায় ডেকে নিয়ে ধর্ষণ করে।

ঘরে ফিরে ধর্ষণের বিষয়ে শিশুটি তার খালাকে জানালে দ্রুত তাকে মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। এদিকে এ ঘটনার প্রতিবাদ করতে গেলে শিশুটির মামার ওপর হামলার ঘটনা ঘটে। অভিযোগ রয়েছে, অভিযুক্তের বাবা দেলোয়ার হোসেন ধারালো অস্ত্র দিয়ে তার পায়ের রগ কেটে দেন। গুরুতর আহত অবস্থায় তাকেও হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ বিষয়ে মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসরুরুল হক জানান, সামাজিক মাধ্যমে বিষয়টি জানতে পেরে অভিযুক্ত মেহেদী হাসানকে আটক করা হয়। বৃহস্পতিবার রাতে এ ঘটনায় একটি মামলা হয়েছে। গতকাল দুপুরে আদালতের মাধ্যমে অভিযুক্ত মেহেদী হাসানকে কারাগারে পাঠানো হয়েছে। ওসি আরও জানান, শিশুটির চিকিৎসা ও মেডিকেল পরীক্ষা চলছে। মামার ওপর হামলার ঘটনাটিও তদন্তাধীন রয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত