পুলিশের মাথা ফাটিয়ে পালালেন আসামি

আপডেট : ১১ এপ্রিল ২০২৬, ০১:৪০ এএম

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ওয়ারেন্টভুক্ত এক আসামিকে গ্রেপ্তার অভিযানে গিয়ে হামলার শিকার হয়েছে বনমালী নামে এক পুলিশ সদস্য (কনস্টেবল)। গত বৃহস্পতিবার  বিকেলে উপজেলার শালবাহান ইউনিয়নের হাগুড়াগছ গ্রামে এ ঘটনাটি ঘটে।

ঘটনার পর আহত পুলিশ সদস্য বনমালী বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। এদিকে ঘটনার সময় পালিয়ে গেছে অভিযুক্ত আসামি রাসেল।

পুলিশ সূত্রে জানা গেছে,  গত বুধবার (৮ এপ্রিল) রাতে শালবাহান ইউনিয়নের লোহাকাচী গ্রামে শরিফ উদ্দিনের বাড়িতে চুরির ঘটনা ঘটে। তার বাড়ি থেকে চারটি গরুর মধ্যে দুটি গরু চুরি হয়। এ ঘটনায় ভুক্তভোগী তেঁতুলিয়া মডেল থানায় অভিযোগ দায়ের করেন এবং সন্দেহভাজন হিসেবে রাসেলের নাম উল্লেখ করেন।

থানায় অভিযোগ দায়েরের পর ওয়ারেন্টভুক্ত হওয়ায় রাসেলকে গ্রেপ্তারের জন্য তেঁতুলিয়া মডেল থানা পুলিশের একটি দল উপজেলার শালবাহান ইউনিয়নের হাগুড়াগছ গ্রামে তার বাড়িতে অভিযান চালায়। এ সময় অভিযুক্ত রাসেল পুলিশের কনস্টেবল বনমালীর ওপর হামলা চালিয়ে তার মাথায় আঘাত করে পালিয়ে যায়। উপস্থিত পুলিশ সদস্যদের সহায়তায় আহত কনস্টেবলকে দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। ভুক্তভোগী পুলিশ সদস্যের মাথায় চারটি সেলাই দেওয়া হয়েছে।

ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেপ্তার অভিযানে গিয়ে পুলিশ সদস্যের হামলার শিকারের বিষয়ে জানতে চাইলে তেঁতুলিয়া মডেল থানার ওসি রাশেদুল ইসলাম বলেন, পলাতক আসামিকে গ্রেপ্তারের জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে এবং সরকারি কাজে বাধা প্রদানসহ হত্যার উদ্দেশ্যে হামলার ঘটনায় ভুক্তভোগী পুলিশ সদস্য বনমালী বাদী হয়ে মামলা দায়ের করবেন। ওসি আরও বলেন, আসামি রাসেল দীর্ঘদিন ধরে চুরির সঙ্গে জড়িত। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত