তুচ্ছ ঘটনায় হাবিপ্রবিতে সংঘর্ষ ৮ শিক্ষার্থী আহত

আপডেট : ১১ এপ্রিল ২০২৬, ০১:৪২ এএম

দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) সিনিয়র ও জুনিয়র শিক্ষার্থীদের কথা কাটাকাটিকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ৭-৮ জন শিক্ষার্থী আহত হয়েছেন। গত বৃহস্পতিবার মধ্যরাতে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে নুর হোসেন ও এক্সটেনশন হলের শিক্ষার্থীদের মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিশ্ববিদ্যালয়ের নুর হোসেন হলের ২৫ ব্যাচের এক শিক্ষার্থীর সঙ্গে নুর হোসেন (এক্সটেনশন) হলের ২৪ ব্যাচের শিক্ষার্থীর কথা কাটাকাটি হয়। পরে ডি-বক্সের সামনে বিরোধ মীমাংসার সময় আবারও উত্তেজনা সৃষ্টি হলে দুপক্ষের মধ্যে মারামারি শুরু হয়। একপর্যায়ে দুই হলের কিছু শিক্ষার্থী সংঘর্ষে জড়িয়ে পড়েন। এ সময় উভয় উভয়কে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন এবং লাঠি দিয়ে আঘাত করেন। রাত সাড়ে ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর, হল সুপার ও শিক্ষকরা ঘটনাস্থলে গিয়ে সংঘর্ষ থামাতে চেষ্টা করেন। কিছু সময় পরিস্থিতি শান্ত হলেও পরে আবার উসকানিতে নতুন করে সংঘর্ষ শুরু হয়। শেষ পর্যন্ত রাত ৩টার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর প্রফেসর ড. মো. নওশের ওয়ান জানান, খবর পেয়ে তিনি ঘটনাস্থলে উপস্থিত হয়ে আইনশৃঙ্খলা বাহিনীকে অবহিত করেন। শিক্ষক ও প্রশাসনের চেষ্টায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। আহতদের মধ্যে কয়েকজন প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত