কুমিল্লার চান্দিনা উপজেলার দোল্লাই নবাবপুর দক্ষিণ বাজারে গভীর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ৮টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় এক কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা। শুক্রবার (১১এপ্রিল) দিবাগত রাত আনুমানিক আড়াইটার দিকে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র জানায়, বাজারের একটি কাঠের দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। গভীর রাতে দোকানে আগুন জ্বলতে দেখে স্থানীয় লোকজন প্রথমে তা নিয়ন্ত্রণের চেষ্টা করেন। তবে দোকানে থাকা কাঠ ও অন্য দাহ্য পদার্থের কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। মুহূর্তেই আশপাশের দোকানগুলোতে আগুন ধরে যায়। খবর পেয়ে পাশের চাঁদপুর জেলার কচুয়া ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
ক্ষতিগ্রস্তদের মধ্যে তাহেরের তিনটি, আতিকের দুটি এবং ইউনুছের একটি কাঠের দোকানসহ আরও কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে। আগুনে দোকানে থাকা কাঠ, আসবাবপত্র ও বিভিন্ন যন্ত্রপাতি সম্পূর্ণ পুড়ে গেছে।ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা বলেন, মুহূর্তের মধ্যেই সব শেষ হয়ে গেছে। কিছুই বের করার সুযোগ পাইনি। তাঁদের দাবি, আগুনের ভয়াবহতায় প্রায় কোটি টাকার ক্ষতি হয়েছে। তাঁদের অভিযোগ, চান্দিনা ফায়ার সার্ভিস সময়মতো ঘটনাস্থলে পৌঁছাতে পারেনি।
এ বিষয়ে চান্দিনা ফায়ার সার্ভিসের কর্মকর্তা অমিত হাসান বলেন, ঘটনাস্থলটি তাঁদের স্টেশন থেকে বেশ দূরে। এ ছাড়া মাধাইয়া-রহিমানগর সড়কের বেহাল অবস্থার কারণে দ্রুত পৌঁছানো সম্ভব হয়নি। খবর পাওয়ার পরপরই পাশের কচুয়া ফায়ার সার্ভিসকে জানানো হয় এবং তারাই আগুন নিয়ন্ত্রণে আনে। তিনি আরও বলেন, আগুনের সুনির্দিষ্ট কারণ এখনো জানা যায়নি। তবে প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে ধারণা করা হচ্ছে বলে জানান তিনি।
