সাকিবের নতুন ইনিংস নিউজ প্ল্যাটফর্ম বিয়ন্ড বাংলা

আপডেট : ১২ এপ্রিল ২০২৬, ১১:৫৮ পিএম

বিশ্ব ক্রিকেটের অন্যতম কিংবদন্তি এবং বাংলাদেশের অভিজ্ঞ অলরাউন্ডার সাকিব আল হাসান এবার সাংবাদিকতা ও সংবাদমাধ্যম জগতে নিজের নাম লেখাতে যাচ্ছেন। নিজস্ব ডিজিটাল নিউজ প্ল্যাটফর্ম ‘বিয়ন্ড বাংলা’ (Beyond Bangla) চালু করার ঘোষণা দিয়েছেন ৩৯ বছর বয়সী সাবেক অধিনায়ক।

নিজের এই নতুন উদ্যোগ সম্পর্কে সাকিব জানান, সঠিক সংবাদ সঠিক মানুষের কাছে পৌঁছে দেওয়াই হবে তার এই প্ল্যাটফর্মের মূল চালিকাশক্তি। আজ এক নিউজ পোর্টালকে দেয়া সাক্ষাৎকারে তিনি বলেন, “সংবাদ এখন অনেকভাবেই উপস্থাপিত হয়। কিন্তু অনেক সময় প্রকৃত ঘটনা মানুষের আড়ালেই থেকে যায়। খবরের পেছনের আসল সত্যটা বের করে আনাই আমাদের প্রধান উদ্দেশ্য।”

ক্রিকেট মাঠে দারুণ সফল সাকিব এবার মিডিয়া পাবলিশার হিসেবে নিজের ক্যারিয়ারের নতুন অধ্যায় শুরু করছেন। মজার ব্যাপার হলো, এই বিশাল উদ্যোগের পরিকল্পনা কোনো বোর্ডরুমে হয়নি। সাকিব জানান, “এটি কোনো দীর্ঘমেয়াদী পরিকল্পনা ছিল না। সাধারণ আলাপ-আলোচনার মাধ্যমেই বিষয়টি সামনে আসে এবং ধীরে ধীরে এটি একটি পূর্ণাঙ্গ রূপ নেয়।”

ক্রিকেটারের প্ল্যাটফর্ম বলে এখানে খেলাধুলা যে বিশেষ গুরুত্ব পাবে, তা বলাই বাহুল্য। সাকিব নিশ্চিত করেছেন যে, ‘বিয়ন্ড বাংলা’তে খেলার মাঠের প্রতিটি খুঁটিনাটি সংবাদ গুরুত্বের সাথে প্রচার করা হবে। তবে শুধু খেলাধুলা নয়, সমসাময়িক বিশ্ব পরিস্থিতি এবং সমকালীন বিভিন্ন ইস্যু নিয়েও কাজ করবে এই সংবাদমাধ্যম।

প্ল্যাটফর্মটির সম্পাদকের দায়িত্ব পালন করবেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত গীতিকার ও সাংবাদিক জুলফিকার রাসেল। তিনি এই অংশীদারিত্বকে অত্যন্ত ইতিবাচক এবং সময়োপযোগী বলে উল্লেখ করেছেন।

বর্তমানে ওয়েবসাইটের কাঠামো তৈরির কাজ প্রায় শেষ পর্যায়ে। তবে এখনই এটি পুরোদমে লাইভ হচ্ছে না। আগামী কয়েক মাস কনটেন্টের মান এবং সম্পাদকীয় কাঠামো ঠিক করতে একটি ‘টেস্ট রান’ বা পরীক্ষামূলক কার্যক্রম চালানো হবে।

প্রাথমিকভাবে বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের বাংলাভাষী পাঠকদের টার্গেট করে যাত্রা শুরু করলেও, ভবিষ্যতে বাংলা ও ইংরেজি—উভয় ভাষাতেই সংবাদ প্রকাশের দীর্ঘমেয়াদী পরিকল্পনা রয়েছে ‘বিয়ন্ড বাংলা’র। 

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত