এপিক হেলথ কেয়ার-রিহ্যাবের স্বাস্থ্যসেবা বিষয়ক সমঝোতা

আপডেট : ১৯ জুলাই ২০২৬, ০৮:০০ পিএম

সদস্যদের জন্য উন্নত, সাশ্রয়ী ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে ‘এপিক হেলথ কেয়ার লিমিটেড’ এবং ‘রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব)-এর মধ্যে একটি স্বাস্থ্যসেবা বিষয়ক সমঝোতা চুক্তি (এমওইউ) স্বাক্ষর হয়েছে। 

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে এপিক হেলথ কেয়ারের পক্ষে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের চেয়ারম্যান এস. এম. লোকমান কবির। তিনি তাঁর বক্তব্যে বলেন, এই সমঝোতা চুক্তি রিহ্যাব-এর সদস্য ও তাদের পরিবারের জন্য আধুনিক, নির্ভরযোগ্য এবং সহজলভ্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

একই সঙ্গে তিনি এপিক হেলথ কেয়ারের নবযাত্রা হালিশহর শাখার আধুনিক অবকাঠামো, আন্তর্জাতিক মানের ডায়াগনস্টিক সুবিধা, অভিজ্ঞ বিশেষজ্ঞ চিকিৎসক এবং সমন্বিত স্বাস্থ্যসেবা কার্যক্রমের বিষয়েও আলোকপাত করেন। তিনি আশা প্রকাশ করেন, এই অংশীদারিত্বের মাধ্যমে আরও বেশি মানুষ মানসম্পন্ন স্বাস্থ্যসেবার আওতায় আসবেন।

রিহ্যাব-এর পক্ষ থেকে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের সম্মানিত প্রেসিডেন্ট আলি আফজল এবং ভাইস প্রেসিডেন্ট  মোহাম্মদ হারুন অর রশিদ। তারা এ উদ্যোগকে সদস্যদের কল্যাণে একটি সময়োপযোগী পদক্ষেপ হিসেবে উল্লেখ করেন এবং ভবিষ্যতে উভয় প্রতিষ্ঠানের পারস্পরিক সহযোগিতা আরও সম্প্রসারিত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

এই সমঝোতা চুক্তির আওতায় রিহ্যাব-এর সদস্যরা এপিক হেলথ কেয়ারের বিভিন্ন ডায়াগনস্টিক সেবা, বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ, স্বাস্থ্য পরীক্ষা এবং অন্যান্য নির্বাচিত স্বাস্থ্যসেবায় বিশেষ সুবিধা উপভোগ করতে পারবেন।

এপিক হেলথ কেয়ার লিমিটেড ভবিষ্যতেও বিভিন্ন কর্পোরেট প্রতিষ্ঠান, সংগঠন ও পেশাজীবী সংগঠনের সঙ্গে অংশীদারিত্বের মাধ্যমে দেশের মানুষের দোরগোড়ায় বিশ্বমানের স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত