বেসরকারি মাদরাসায় কর্মরত এমপিওভুক্ত শিক্ষক ও কর্মচারীদের মূল বেতনের ২০ শতাংশ হারে বৈশাখী ভাতার চেক ছাড় দিয়েছে বাংলাদেশ মাদরাসা শিক্ষা অধিদপ্তর।
সোমবার (১৩ এপ্রিল) অধিদপ্তরের উপ-পরিচালক (অর্থ) ড. কে এম শফিকুল ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, মাদরাসা শিক্ষা অধিদপ্তরের আওতাধীন বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানসমূহের (মাদরাসা) শিক্ষক-কর্মচারীদের বৈশাখী ভাতা-২০২৬ বাবদ চারটি চেক বণ্টনকারী ব্যাংকগুলোতে হস্তান্তর করা হয়েছে। স্মারক নম্বর ‘৫৭.২৫.০০০০.০১১.০৬.০০২.২৪-১২২’ অনুযায়ী অগ্রণী ও রূপালী ব্যাংকের প্রধান কার্যালয় এবং জনতা ও সোনালী ব্যাংকের স্থানীয় কার্যালয়ে এই চেক পাঠানো হয়।
শিক্ষক ও কর্মচারীরা আগামী ১৪ এপ্রিলের পর সংশ্লিষ্ট ব্যাংক থেকে তাদের বৈশাখী ভাতার অংশ উত্তোলন করতে পারবেন বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
