এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয় বাংলাদেশ (ইবিএউবি)-এর ক্যাম্পাসে আজ মঙ্গলবার (১৪ এপ্রিল) বাংলা নববর্ষ-১৪৩৩ বর্ষবরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে র্যালি, খেলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ সফিকুল বারী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রেজিস্ট্রার ক্যাপ্টেন (অব) বিএন প্রফেসর ড. মোঃ জিয়াউল আহসান। বর্ষবরণ অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও ছাত্র-ছাত্রীরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেয়।
উপাচার্য অনুষ্ঠানের উদ্বোধন ঘোষণা করে বলেন, বাংলা নববর্ষ আমাদের গৌরবোজ্জ্বল ঐতিহ্য ও সংস্কৃতির এক উজ্জ্বল ধারক। এটি আমাদের ঐক্য ও ভ্রাতৃত্বের বন্ধনকে আরও সুদৃঢ় করে। বিশেষ করে কৃষিনির্ভর অর্থনীতি ও গ্রামীণ জনপদের সঙ্গে এই উৎসবের রয়েছে নিবিড় সম্পর্ক। আধুনিক তথ্যপ্রযুক্তির যুগেও আমাদের লোকজ কৃষ্টি ও মূল্যবোধের ধারাবাহিকতা বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
