নারায়ণগঞ্জে প্রবাসী মাসুম হত্যা মামলার অন্যতম আসামি শাকিল গ্রেপ্তার

আপডেট : ১৫ এপ্রিল ২০২৬, ১১:৩০ এএম

নারায়ণগঞ্জের রূপগঞ্জে পাওনা টাকা নিয়ে দ্বন্দ্বের জের ধরে প্রবাসী মাসুম মিয়া নিহতের ঘটনায় জড়িত অন্যতম আসামি শাকিল মিয়াকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

মঙ্গলবার (১৪ এপ্রিল) সন্ধ্যায় নারায়ণগঞ্জের র‍্যাব-১১ ও উত্তরার র‍্যাব-১ যৌথ অভিযানে তুরাগ থানাধীন দিয়াবাড়ী মেট্রো-রেলস্টেশনের মেট্রো ফুড কোর্ট এর সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়। শাকিল মিয়া রূপগঞ্জের ভোলাব এলাকার মো. মোস্তফার ছেলে।

বুধবার (১৫ এপ্রিল) সকালে র‍্যাব-১১ এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, গত ৩০ মার্চ সন্ধ্যায় রূপগঞ্জে তুচ্ছ ঘটনায় প্রতিপক্ষের হামলায় মাসুম মিয়া (২৫) নামে এক যুবক গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।

মাসুম মিয়া রূপগঞ্জ উপজেলার টাওরা পশ্চিমপাড়া এলাকার নুর মোহাম্মদের ছেলে। মামলার সূত্রে জানা যায়, মাসুম মিয়া ও পার্শ্ববর্তী ভোলাবো এলাকার রাজু একসাথে সৌদি আরবে ছিলেন। সেখানে মাসুম মিয়ার সাথে রাজুর টাকা-পয়সার লেনদেন ছিল। কিছু দিন আগে প্রথমে রাজু ও পরে মাসুম মিয়া দেশে চলে আসেন। দেশে আসার পর পাওনা টাকা নিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। এ ঘটনাকে কেন্দ্র করে মাসুম মিয়া মোটরসাইকেল যোগে পাঁচদোনা থেকে নিজ বাড়ি ফিরছিলেন। এ সময় টাওরা মধ্যে পাড়া সড়কে রাজুসহ শাকিল ও অন্যান্য আসামিরা মিলে তাকে এলোপাথাড়ি পিটিয়ে ও কুপিয়ে গুরুতর জখম করে।

পরে স্থানীয়রা তাকে প্রথমে নরসিংদী সদর হাসপাতালে নেন। সেখান থেকে অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি রাত সাড়ে ৭টার দিকে মারা যান। এরই প্রেক্ষিতে রূপগঞ্জ থানায় একটি হত্যা মামলা রুজু হয়।

এই হত্যাকাণ্ডের সাথে জড়িতদের গ্রেপ্তারের জন্যে নারায়ণগঞ্জ র‍্যাব-১১ গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে। পরবর্তীতে নিজস্ব গোয়েন্দা নজরদারি ও সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে ১৪ এপ্রিল সন্ধ্যায় তুরাগ থানাধীন দিয়াবাড়ী এলাকা থেকে শাকিলকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে পরবর্তী আইনানুগ কার্যক্রমের জন্য রূপগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত