হোমনায় গৃহবধূকে তুলে নিয়ে ধর্ষণের অভিযোগ

আপডেট : ১৭ এপ্রিল ২০২৬, ০১:৫৩ এএম

কুমিল্লার হোমনায় এক গৃহবধূকে (১৮) তুলে নিয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী নারী বাদী হয়ে হোমনা থানায় মামলা করেছেন। গতকাল বৃহস্পতিবার বিষয়টি নিশ্চিত করেন হোমনা থানার ওসি টমাস বড়ুয়া। এর আগে গত বুধবার রাতে উপজেলার মাথাভাঙ্গা ইউনিয়নের উত্তরকান্দিগামী রাস্তার নির্জন স্থানে এ ঘটনা ঘটে।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, ভুক্তভোগী নারী ও তার স্বামী হোমনা পৌর এলাকায় ভাড়া বাসায় থাকেন। গত বুধবার রাত সাড়ে ৯টার দিকে তারা একটি অটোরিকশাযোগে তিতাস উপজেলায় বাবার বাড়ি যাচ্ছিলেন। পথে কৃষি কলেজ এলাকা পার হওয়ার পর ওপারচর গ্রামের আশিকুর রহমান (২৪) ও তার আরও ৬-৭ জন সহযোগী দুটি মোটরসাইকেল নিয়ে তাদের পথরোধ করে।

অভিযুক্তরা দম্পতিসহ অটোরিকশাটিকে জোর করে ছিনিয়ে নিয়ে মোড় থেকে পশ্চিমে একটি নির্জন ইটের রাস্তার ওপর নিয়ে যায়। সেখানে আশিকুর রহমান ও তার দুই সহযোগী ওই নারীকে আটকে রাখে। বাকিরা তার স্বামী ও অটোচালককে দূরে সরিয়ে নেয়। এ সুযোগে আশিকুর রহমান ওই গৃহবধূকে ধর্ষণ করে বলে মামলায় উল্লেখ করা হয়েছে।

হোমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) টমাস বড়ুয়া বলেন, ‘খবর পাওয়ার পরপরই আমরা আইনি ব্যবস্থা গ্রহণ করেছি। ভুক্তভোগী নারী বাদী হয়ে থানায় মামলা করেছেন। তাকে ডাক্তারি পরীক্ষার জন্য হাসপাতালে পাঠিয়েছি। প্রধান অভিযুক্ত আশিকুর রহমানসহ অন্যদের গ্রেপ্তারে পুলিশের একাধিক টিম কাজ করছে। আশা করছি, দ্রুতই তাদের আইনের আওতায় আনতে পারব।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত