মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় শিবচরের যুবক নিহত

আপডেট : ১৭ এপ্রিল ২০২৬, ০১:৫৩ এএম

মাদারীপুরের শিবচর উপজেলার উমেদপুর ইউনিয়নের কাঁচিকাটা গ্রামের বাসিন্দা গিয়াস হাওলাদার (৩৫) মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। তার এই আকস্মিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা গিয়াস হাওলাদারের মরদেহ দ্রুত দেশে এনে দাফনের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সহযোগিতা কামনা করেছেন। গত বুধবার বাংলাদেশ সময় বিকেল ৩টার দিকে কুয়ালালামপুর শহরে এ দুর্ঘটনা ঘটে। পরে রাত ৮টার দিকে তার মৃত্যুর সংবাদ দেশে পৌঁছে। নিহত গিয়াস হাওলাদার ওই এলাকার মৃত ওহাব হাওলাদারের ছেলে। ৫ ভাই, দুই বোনের মধ্যে গিয়াস হাওলাদার সবার ছোট।

পরিবার সূত্রে জানা গেছে, গতকাল বিকেলে নিজ ব্যবসা প্রতিষ্ঠান থেকে নিজ মোটরসাইকেলে চড়ে বাসায় ফিরছিলেন গিয়াস হাওলাদার। পথিমধ্যে মালয়েশিয়ায় কুয়ালালামপুর শহরে পেছন থেকে একটি মালবাহী ট্রাক তার মোটরসাইকেলকে ধাক্কা দিলে গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন ও পুলিশ তাকে উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

পারিবারিক সূত্র জানায়, গিয়াস হাওলাদার জীবিকার তাগিদে গত ১০ বছর আগে মালয়েশিয়ায় যান। সেখানে তিনি একটি বস্ত্র কারখানাও গড়েছেন। গতকাল রাতে তিনি দেশে ফেরার প্রস্তুতি নেন এবং আসার জন্য বিমানের টিকিটও ক্রয় করেছিলেন।

তার বড় ভাই লিটন হাওলাদার জানান, বহুদিন পর প্রিয়জনকে কাছে পাওয়ার আশায় দিন গুনছিলেন তারা। সেই অপেক্ষা আর পূরণ হলো না।

শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা এইচএম ইবনে মিজান বলেন, ‘পরিবারের পক্ষে যদি সহযোগিতা চাওয়া হয় তাহলে আমরা আমাদের পক্ষ থেকে সর্বোচ্চ সহযোগিতা করর।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত