স্ত্রীকে কারখানা থেকে আনতে গিয়ে লাশ হলেন স্বামী

আপডেট : ১৭ এপ্রিল ২০২৬, ০১:৫৬ এএম

গাজীপুরের কালিয়াকৈরে স্ত্রীকে কারখানা থেকে আনতে গিয়ে লাশ হলেন স্বামী শফিকুল ইসলাম (৫০)। গতকাল বৃহস্পতিবার সকালে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাশে উপজেলার সফিপুর আনসার ভিডিপি একাডেমির লেকের পাড় থেকে রক্তাক্ত অবস্থায় তার লাশ উদ্ধার করে পুলিশ। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ছুরিকাঘাত ও শ্বাসরোধে তাকে হত্যা করেছে দুর্বৃত্তরা। শফিকুল ইসলামের বাড়ি বগুড়ার নন্দীগ্রাম উপজেলার ভাটগ্রাম এলাকায়। তিনি সফিপুর ইবনে সিনা ফার্মাসিউটিক্যাল কারখানায় প্রডাকশন অ্যাটেনডেন্স হিসেবে কাজ করতেন।

জানা গেছে, শফিকুল ইসলাম সফিপুর আনসার ভিডিপি একাডেমি ৩ নম্বর গেইট এলাকায় একতা টাওয়ারের নিজ ফ্ল্যাটে বসবাস করতেন। গত বুধবার রাত ১০টার দিতে তার স্ত্রীকে কারখানা থেকে আনতে বাসা থেকে বের হন স্বামী শফিকুল। এরপর থেকে তার খোঁজ পাওয়া যাচ্ছিল না। এদিকে কারখানা ছুটি শেষে স্বামীকে না পেয়ে একাই বাসায় ফিরে আসেন তার স্ত্রী। তার নিখোঁজের ৯ ঘণ্টা পর গতকাল বৃহস্পতিবার সকালে রক্তাক্ত অবস্থায় তার লাশ উদ্ধার করে কালিয়াকৈর থানা পুলিশ।

ইবনে সিনা ফার্মাসিউটিক্যাল কারখানার সহকারী ব্যবস্থাপনা পরিচালক রুকুনউদ্দিন খান জানান, গত রাত সাড়ে ৮টার দিকে শফিকুল কারখানায় ডিউটি শেষে বাড়িতে ফিরে যায়। আর সকালে তার মৃত্যুর খবর পেয়ে আমরা হতবাক হয়ে পড়ি।

এ ব্যাপারে কালিয়াকৈর থানার ওসি শহিদুল ইসলাম জানান, নিহতের শরীরে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে। তবে এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত