পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে চলন্ত ফেরিতে জুয়ার আসর বসিয়ে যাত্রীদের সঙ্গে প্রতারণার অভিযোগে চার পেশাদার জুয়াড়িকে আটক করেছে নৌ পুলিশ। শুক্রবার (১৭ এপ্রিল) রাত সাড়ে ১০টার দিকে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
নৌ পুলিশ সূত্র জানায়, রাজবাড়ীর দৌলতদিয়া ৩ নম্বর ফেরিঘাট থেকে পাটুরিয়ার উদ্দেশ্যে ছেড়ে যাওয়া শাহপরাণ ফেরিতে ‘তিন তাস’ খেলার ফাঁদে ফেলে যাত্রীদের কাছ থেকে টাকা হাতিয়ে নিচ্ছিল একটি সংঘবদ্ধ চক্র। এমন তথ্য ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। পরে পাটুরিয়া নৌ থানা ও দৌলতদিয়া নৌ পুলিশ ফাঁড়ির সমন্বয়ে একটি যৌথ দল ছদ্মবেশে ফেরিতে অভিযান চালায়। এ সময় জুয়া খেলার সরঞ্জামসহ চারজনকে আটক করা হয়। তবে তাদের সঙ্গে থাকা আরও দুইজন ভিড়ের মধ্যে মিশে পালিয়ে যায়।
আটকরা হলেন- শিবালয় উপজেলার তেঘুরী গ্রামের মো. আকাশ (২৩), মো. রাসেল মুন্সি (৩৩), রাজবাড়ীর গোয়ালন্দঘাট উপজেলার বাহিরচর দৌলতদিয়া এলাকার জহির ওরফে জহু ফকির (৪২) ও মো. বাবু ফকির (৩৫)।
পুলিশ জানায়, আটক ব্যক্তিদের বিরুদ্ধে আগে থেকেই একাধিক মামলা রয়েছে। এর মধ্যে আকাশের বিরুদ্ধে চুরি, ডাকাতির প্রস্তুতি ও জুয়া আইনে চারটি, রাসেল মুন্সির বিরুদ্ধে দ্রুত বিচার ও বিশেষ ক্ষমতা আইনে তিনটি, জহু ফকিরের বিরুদ্ধে অস্ত্র আইনসহ বিভিন্ন অভিযোগে ১০টি এবং বাবু ফকিরের বিরুদ্ধে ডাকাতির প্রস্তুতির দুইটি মামলা বিচারাধীন।
এ ঘটনায় নৌ পুলিশ শিবালয় থানায় জুয়া আইনে নিয়মিত মামলা করেছে।
পাটুরিয়া নৌ থানান ইনচার্জ কেএম নজরুল দেশ রূপান্তরকে বলেন, আটক ব্যক্তিদের আইনি প্রক্রিয়া শেষে শিবালয় থানায় হস্তান্তর করা হয়েছে। নৌপথে যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে।