কুমিল্লায় মাদকবিরোধী পৃথক অভিযানে ২৮পিস ইয়াবাসহ দুই মাদককারবারিকে গ্রেপ্তার করেছে মুরাদনগর থানা পুলিশ। গ্রেপ্তার মাদককারবারি হলো দুই মো. নাজির (৪০) ও মো. হোসেন সরকার (৫০)। শুক্রবার (১৭এপ্রিল) বিকালে ও রাতে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের মধ্যে মো. নাজির উপজেলার রামচন্দ্রপুর দক্ষিণ ইউনিয়নের পাঁচকিত্তা কাঁছারিকান্দি (দক্ষিণ পাড়া) গ্রামের মৃত কালু মোল্লা ছেলে এবং মো. হোসেন সরকার নবীপুর (পশ্চিম) ইউনিয়নের উত্তর ত্রিশ (পশ্চিম পাড়া) গ্রামের সুলতান সরকারের ছেলে।
মুরাদনগর থানা পুলিশ সূত্রে জানা যায়, মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসরুরুল হক এর নির্দেশনায় মাদক বিরোধী অভিযান চলাকালে গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার বিকালে এসআই রুহুল আমিন সংগীয় ফোর্সসহ মুরাদনগর সদর ইউনিয়নের মুরাদনগর মধ্যপাড়া রামচন্দ্রপুর রোডে রবি টাওয়ারের পাশে মাদক কেনাবেচার সময় ১৫পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. নাজিরকে গ্রেপ্তার করে। অপরদিকে শুক্রবার রাতে এসআই মো. নূরুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ নবীপুর (পশ্চিম) ইউনিয়নের শিবানীপুর এলাকার মদিনা ব্রিকস ফিল্ডের সামনে অভিযান চালিয়ে ১৩ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. হোসেন সরকার কে গ্রেপ্তার করে।
মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসরুরুল হক বলেন, মাদক বিরোধী অভিযানে ইয়াবাসহ তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার পর শনিবার দুপুরে আদালতে প্রেরণ করা হয়েছে। তিনি আরো বলেন, মাদকের ব্যাপারে কোন ছাড় দেওয়া হবে না। এ ধরনের মাদক বিরোধী অভিযান চলমান থাকবে।
