ফার্টিলাইজার অ্যাসোসিয়েশনের ভোটগ্রহণ ৪ জুলাই

আপডেট : ১৯ এপ্রিল ২০২৬, ০১:১২ এএম

বাংলাদেশ ফার্টিলাইজার অ্যাসোসিয়েশনে (বিএফএ) তিন মাসের মধ্যে নির্বাচন আয়োজনের শর্ত দিয়ে প্রশাসক নিয়োগ দিয়েছিল বাণিজ্য মন্ত্রণালয়। তবে নির্ধারিত সময়ে নির্বাচন আয়োজন করতে পারেননি প্রশাসক। অবশেষে ৮ মাস পর নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন পরিচালনা বোর্ড। আগামী ৪ জুলাই সংগঠনটিতে ভোটাভুটির সময় নির্ধারণ করা হয়েছে। নির্বাচনের মাধ্যমে সংগঠনটিতে দুই বছরের জন্য (২০২৬-২৮) পরিচালনা পর্ষদ গঠন করা হবে।

তথ্য মতে, গত বছরের জুলাইয়ের ২৭ তারিখ বিএফএ-তে প্রশাসক হিসেবে বাণিজ্য মন্ত্রণালয়ের যুগ্মসচিব মুস্তাফিজুর রহমানকে নিয়োগ দেওয়া হয়েছে। ১২০ দিনের মধ্যে একটি নিরপেক্ষ নির্বাচন সম্পন্ন করে নির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তরের কথা ছিল।

জানা গেছে, সম্প্রতি বাণিজ্য মন্ত্রণালয়ের উপসচিব ফিরোজ আল মামুনকে নির্বাচন পরিচালনা বোর্ডের চেয়ারম্যান করা হয়েছে। তার সঙ্গে বোর্ডের সদস্য হিসেবে রয়েছেন বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব শেখ শামসুল আরেফীন ও মোহাম্মদ হাবিস সরকার।

এই বোর্ডের দেওয়া তফসিল অনুযায়ী, গত দুই মেয়াদে যারা পরিচালনা পর্ষদে ছিলেন তারা আসন্ন নির্বাচনে অংশ নিতে পারবেন না। একইসঙ্গে বাড়ানো হয়েছে মনোনয়ন ফরমের দাম। আগে যেখানে ২০ হাজার টাকায় চেয়ারম্যান পদের মনোনয়ন ফরম কেনা যেত, সেটা এখন ১ লাখ টাকা নির্ধারণ করা হয়েছে। একইভাবে ১৫ হাজার টাকা থেকে বাড়িয়ে ভাইস চেয়ারম্যানের মনোনয়ন ফরমের দাম ধরা হয়েছে ৮০ হাজার টাকা। এছাড়া ভাইস চেয়ারম্যান পদের মনোনয়ন ফরম ৭০ হাজার টাকা, পরিচালক (অর্থ) ৬০ হাজার টাকা এবং সাধারণ পরিচালকদের জন্য মনোনয়ন ফরমের দাম নির্ধারণ করা হয়েছে ৫০ হাজার টাকা।

মনোনয়নপত্রের দাম কয়েকগুণ বাড়ানোর জন্য সংগঠনটির সদস্যদের মধ্যে ক্ষোভ রয়েছে। তাদের দাবি বাণিজ্য সংগঠনের মনোনয়ন ফরমের দাম সদস্যদের সঙ্গে কোনো ধরনের আলোচনা ছাড়াই ব্যাপকহারে বাড়ানো হয়েছে।

এদিকে নির্বাচনের তফসিল অনুযায়ী, আগামী ৩ মে থেকে সদস্যপদ নবায়নের জন্য বলা হয়েছে, যা চলবে আগামী ৩০ জুন পর্যন্ত। এরপর ১০ মে প্রাথমিক এবং ১৭-১৮ মে এর মধ্যে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করবে নির্বাচনী বোর্ড।

নির্বাচনে অংশগ্রহণের জন্য ১৮ থেকে ২৪ মে’র মধ্যে মনোনয়নপত্র সংগ্রহ ও দাখিল করা যাবে। চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে ৬ জুন। তবে ৭ থেকে ৯ জুনের মধ্যে কেউ চাইলে প্রার্থিতা প্রত্যাহার করা যাবে।

এছাড়া নির্বাচনের দিনই ফলাফল ঘোষণা করা হবে এবং ফলাফল নিয়ে কোনো আপত্তি থাকলে ৯ থেকে ১১ জুলাইয়ের মধ্যে আপিল করার সুযোগ পাবেন প্রতিদ্বন্দ্বী করা প্রার্থীরা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত