জাপানের জেএসডিএর সঙ্গে ডিএসই ব্রোকার্স অ্যাসোসিয়েশনের চুক্তি

আপডেট : ১৯ এপ্রিল ২০২৬, ০১:১৩ এএম

বাংলাদেশের পুঁজিবাজারের টেকসই উন্নয়ন, দক্ষতা বৃদ্ধি এবং আন্তর্জাতিক সহযোগিতা জোরদারের লক্ষ্যে ডিএসই ব্রোকার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ডিবিএ) এবং জাপান সিকিউরিটিজ ডিলারস অ্যাসোসিয়েশনের (জেএসডিএ) মধ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে।

গত ৯ এপ্রিল অনুষ্ঠিত এই চুক্তিতে নিজ নিজ সংগঠনের পক্ষে স্বাক্ষর করেন জেএসডিএর চেয়ারম্যান ও সিইও তাকাশি হিবিনো এবং ডিবিএর প্রেসিডেন্ট সাইফুল ইসলাম। গতকাল শনিবার ডিবিএর পক্ষ থেকে সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। সংগঠনটি জানিয়েছে, আন্তর্জাতিক কোনো স্ব-নিয়ন্ত্রক সংস্থার (এসআও) সঙ্গে এটি ডিবিএর প্রথম আনুষ্ঠানিক চুক্তি, যা সংগঠনের জন্য একটি গুরুত্বপূর্ণ মাইলফলক।

চুক্তির আওতায় উভয় সংস্থা পুঁজিবাজারের উন্নয়নে বিভিন্ন ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা জোরদার করবে। এর মধ্যে রয়েছে পুঁজিবাজার সংক্রান্ত আইন ও বিধিবিধান বিনিময়, স্ব-নিয়ন্ত্রক সংস্থার শাসনব্যবস্থা ও নীতিমালা উন্নয়ন, তদারকি ও কমপ্লায়েন্স কার্যক্রম শক্তিশালীকরণ, আর্থিক লেনদেন পদ্ধতির আধুনিকায়ন, নতুন বিনিয়োগ উপকরণ ও সেবা উদ্ভাবন এবং বিনিয়োগকারী শিক্ষা কার্যক্রম সম্প্রসারণ।

এছাড়া পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট অন্যান্য বিষয়েও প্রয়োজন অনুযায়ী উভয় সংস্থা পরামর্শ ও সহযোগিতা প্রদান করবে বলে জানা গেছে।

চুক্তি প্রসঙ্গে ডিবিএর প্রেসিডেন্ট সাইফুল ইসলাম বলেন, এই সমঝোতা স্মারক বাংলাদেশের পুঁজিবাজারের জন্য একটি তাৎপর্যপূর্ণ অগ্রগতি। জেএসডিএর মতো অভিজ্ঞ একটি স্বনিয়ন্ত্রক সংস্থার সঙ্গে কাজ করার সুযোগ দেশের পুঁজিবাজারের কাঠামোগত উন্নয়ন, সুশাসন এবং সক্ষমতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

তিনি আরও বলেন, এই সহযোগিতার মাধ্যমে আন্তর্জাতিক মানের জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ সৃষ্টি হবে, যা দেশের পুঁজিবাজারকে আরও আধুনিক, স্বচ্ছ ও বিনিয়োগবান্ধব করে তুলবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত