রিহ্যাবের প্রেসিডেন্ট আফজাল, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট রাজ্জাক

আপডেট : ১৯ এপ্রিল ২০২৬, ০৬:৫৪ এএম

উৎসবমুখর পরিবেশে শেষ হলো শীর্ষ আবাসন ব্যবসায়ীদের সংগঠন রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (রিহ্যাব) পরিচালনা পর্ষদ নির্বাচন। এতে প্রেসিডেন্ট পদে জয়লাভ করেছেন প্রগতিশীল আবাসন ব্যবসায়ী পরিষদের ড. আলী আফজাল। তিনি ২৩২ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ওয়াহিদুজ্জামান পেয়েছেন ১৯৩ ভোট। মাত্র ২ ভোটের ব্যবধানে সিনিয়র ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন একই পরিষদের আব্দুর রাজ্জাক। তিনি পেয়েছেন ২১৬ ভোট। গতকাল শনিবার রাতে

রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে নির্বাচনের  ফল ঘোষণা করা হয়।

২৫০ ভোট পেয়ে ভাইস প্রেসিডেন্ট-১ নির্বাচিত হয়েছেন মোহাম্মদ আক্তার বিশ্বাস। ভাইস প্রেসিডেন্ট-২ আবু খালিদ মোহাম্মদ বরকত উল্লাহ ২৫৫ ভোট পেয়ে নির্বাচিত হন। ভাইস প্রেসিডেন্ট-৩ পদে এএফএম ওবায়দুল্লাহ ২৩৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। ২৬২ ভোট পেয়ে ভাইস প্রেসিডেন্ট (ফিন্যান্স) নির্বাচিত হয়েছেন ড. মো. হারুন অর রশিদ এবং ভাইস প্রেসিডেন্ট (চট্টগ্রাম) নির্বাচিত হয়েছেন মো. মোরশেদুল হাসান। এ ছাড়া নির্বাচিত পরিচালকদের মধ্যে রয়েছেন লাবিব বিল্লাহ, এ জেড এম কামরুদ্দিন, ক্যাপ্টেন মো. শাহ আলম, মো. খাজা নাজিবুল্লাহ, শাক কামাল, মো. এমদাদুল হুসাইন সোহেল, ড. এন. জোহা, আলহাজ প্রফেসর মো. ফারুক আহমদ, তাসনোভা মাহবুব সালাম, মো. জহির আহমেদ, মো. জাহিদ হোসেন, ইঞ্জিনিয়ার মো. মোস্তফা কামাল, মো. এমদাদুল হক, মো. মাহবুবুর রহমান, এম ফখরুল ইসলাম, ইঞ্জিনিয়ার মঞ্জুরুল ফরহাদ ফিলিপ, সুরাজ সারদার এবং আলহাজ গোলাম কিবরিয়া মজুমদার।

এর আগে সকাল ১০টা ৪০ মিনিট থেকে বিকাল ৪টা ৩২ মিনিট পর্যন্ত ভোটগ্রহণ করা হয়। নির্বাচনে ২৯টি পদের বিপরীতে চারজন প্রেসিডেন্ট প্রার্থীসহ তিন প্যানেলে ৭৭ জন প্রতিদ্বন্দ্বিতা করেন।

এবারের নির্বাচনে ঢাকা ও চট্টগ্রাম অঞ্চল মিলিয়ে মোট ভোটার ছিলেন ৬৭৩ জন। এর মধ্যে ভোট দিয়েছেন ৫৭০ জন। ঢাকা অঞ্চল থেকে ৫১২ জন এবং চট্টগ্রাম অঞ্চল থেকে ৫৮ জন ভোট দিয়েছেন। ভোটগ্রহণ শেষে সন্ধ্যা ৬টার পর থেকে ভোটগণনা শুরু হয়।

এবারের নির্বাচনে আবাসন ব্যবসায়ী ঐক্য পরিষদ, প্রগতিশীল আবাসন ব্যবসায়ী পরিষদ ও জাগরণ এই তিনটি প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করে। সভাপতি পদে স্বতন্ত্র প্রার্থী ছিলেন একজন।

নির্বাচন পরিচালনা বোর্ডের চেয়ারম্যান ছিলেন মো. জহিরুল হক ভূইঁয়া। পর্যবেক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন বাণিজ্য মন্ত্রণালয়ের বাণিজ্য সংগঠন অনুবিভাগের মহাপরিচালক মোহাম্মদ মোস্তফা জামাল হায়দারের নেতৃত্বে পাঁচ সদস্যের একটি দল।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত