গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় মাদকের টাকা না পেয়ে মাকে পুড়িয়ে হত্যার চেষ্টার অভিযোগে জাকিরুল ইসলাম (৩৫) নামের এক যুবককে পুলিশ গ্রেপ্তার করেছে। গতকাল সোমবার তাকে কারাগারে পাঠানো হয়। জাকিরুল ইসলাম উপজেলার রসুলপুর ইউনিয়নের রসুলপুর গ্রামের মধ্যপাড়া গ্রামের মৃত ফয়জার রহমানের ছেলে।
পুলিশ ও এলাকাবাসী জানান, জাকিরুল ইসলামের বাবার মৃত্যুর পর অসচ্ছল পরিবারে তার মা অনেক কষ্ট করে তাকে বড় করেছেন। কয়েক বছর আগে জাকিরুল ইসলাম মাদকের সঙ্গে জড়িয়ে পড়েন। এরপর নেশার টাকা জোগাড় করতে তিনি প্রায়ই তার বৃদ্ধ মা জোবেদা বেগমকে শারীরিক ও মানসিক নির্যাতন করতেন।
এলাকাবাসী আরও জানান, গত রবিবার বিকেলে জাকিরুল নেশার টাকার জন্য তার মায়ের কাছে টাকা চান। পরে তাকে টাকা দিতে মা অপারগতা প্রকাশ করেন। এতে তিনি মায়ের ওপর চড়াও হয়ে মাকে মারধর করার জন্য যান। এ সময় তার মা ঘরে প্রবেশ করলে তিনি ওই ঘরে আগুন ধরিয়ে দেন। আগুনের শিখা ও চিৎকারে প্রতিবেশীরা টের পান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে জাকিরুলকে আটক করে।