নেপালের স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ

আপডেট : ২৩ এপ্রিল ২০২৬, ০১:২৬ এএম

সাম্প্রতিক সময়ে অর্থপাচার মামলায় তদন্তাধীন ব্যবসায়ী দীপক ভট্টার সঙ্গে তার ব্যবসায়িক সম্পর্ক নিয়ে বিতর্কের মধ্যেই পদত্যাগ করেছেন নেপালের স্বরাষ্ট্রমন্ত্রী সুদন গুরুং। কাঠমান্ডু পোস্ট জানিয়েছে, গতকাল বুধবার সামাজিক যোগাযোগমাধ্যমে পদত্যাগের ঘোষণা করেন গুরুং। ফেসবুকে তিনি লিখেছেন, ‘আমার সঙ্গে সংশ্লিষ্ট বিষয়গুলোর নিরপেক্ষ তদন্ত নিশ্চিত করতে এবং দায়িত্বে থেকে কোনো স্বার্থের সংঘাত এড়াতে আমি স্বরাষ্ট্রমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করছি।’ গুরুং বলেছেন, শেয়ারবাজারে বিনিয়োগ ও অন্যান্য বাবসায়িক কার্যক্রম নিয়ে সাম্প্রতিক জনমনে ওঠা প্রশ্নগুলোকে তিনি গুরুত্বের সঙ্গে নিয়েছেন।

তিনি বলেন, ‘আমার কাছে পদের চেয়ে নৈতিকতা বড় এবং জনআস্থার চেয়ে বড় কোনো শক্তি নেই। দেশে চলমান ‘জেন জি’ আন্দোলন যা সুশাসন, স্বচ্ছতা ও জবাবদিহি দাবি করছে; সেটিও এই বার্তাই দিয়েছে যে, জনজীবন অবশ্যই পরিচ্ছন্ন এবং নেতৃত্বকে জবাবদিহি করতে হবে। যদি আমার ৪৬ জন ভাই-বোনের রক্ত ও ত্যাগের বিনিময়ে গঠিত সরকার নিয়ে কেউ প্রশ্ন তোলে, তাহলে তার উত্তর হলো নৈতিকতা।’ বলেন্দ্র শাহর নেতৃত্বাধীন বর্তমান সরকারে এটি দ্বিতীয় কোনো মন্ত্রীর পদত্যাগ। এর আগে ৯ এপ্রিল শ্রম, কর্মসংস্থান ও সামাজিক সুরক্ষা বিষয়ক মন্ত্রী দীপক কুমার শাহকে বরখাস্ত করেন প্রধানমন্ত্রী শাহ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত