সংসদে সংরক্ষিত ৫০ নারী আসনে ১১ দলীয় জোটের ১৩ প্রার্থীর মধ্যে প্রাথমিকভাবে ১২ জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। প্রয়োজনীয় কাগজপত্র জমা না দেওয়ায় জোটের একজন প্রার্থীর মনোনয়নপত্র সাময়িকভাবে স্থগিত রেখেছে নির্বাচন কমিশন (ইসি)। গতকাল বুধবার রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে এ তথ্য জানানো হয়।
ইসি সূত্রে জানা গেছে, জামায়াত মনোনীত ৯ জন প্রার্থীর সবার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। তারা হলেন কেন্দ্রীয় মহিলা বিভাগের সেক্রেটারি নুরুন্নিসা সিদ্দীকা, সহকারী সেক্রেটারি মারজিয়া বেগম, আইন ও মানবসম্পদ বিভাগীয় সেক্রেটারি অ্যাডভোকেট সাবিকুন্নাহার মুন্নী এবং প্রচার ও সাহিত্য সংস্কৃতি বিভাগীয় সেক্রেটারি নাজমুন নাহার নীলু। পাশাপাশি সিলেট মহানগরীর সাবেক সেক্রেটারি অধ্যাপক মাহফুজা হান্নান, বগুড়া অঞ্চল পরিচালিকা সাজেদা সামাদ, চট্টগ্রাম উত্তর জেলা সেক্রেটারি শামছুন্নাহার বেগম, নারী অধিকার আন্দোলনের সদস্য ইঞ্জিনিয়ার মারদিয়া মমতাজ এবং জুলাই বিপ্লবের শহীদ জাবির ইব্রাহীমের মা রোকেয়া বেগমের মনোনয়নপত্রও বৈধ বলে গৃহীত হয়েছে।
জোটের শরিক দলগুলোর মধ্যে জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সভাপতি ব্যারিস্টার তাসমিয়া প্রধান, বাংলাদেশ খেলাফত মজলিসের ইঞ্জিনিয়ার মাহবুবা হাকিম এবং জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব ডা. মাহমুদা আলম মিতুর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে কমিশন।
অন্যদিকে জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিনের মনোনয়নপত্রটি স্থগিত করা হয়েছে। তাকে প্রয়োজনীয় কাগজপত্র জমা দেওয়ার জন্য আজ বৃহস্পতিবার দুপুর ১২টা পর্যন্ত সময় বেঁধে দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে সঠিক তথ্য ও নথি উপস্থাপনে ব্যর্থ হলে তার প্রার্থিতা বাতিল হতে পারে বলে জানানো হয়।
জাতীয় নির্বাচনে ঋণ খেলাপিরা অংশ নিয়েছে-আসিফ মাহমুদ : সংরক্ষিত নারী আসনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী মনিরা শারমিনের মনোনয়নপত্র স্থগিতের পর দলটির যুগ্ম আহ্বায়ক নুসরাত তাবাসসুমের মনোনয়নপত্র বাতিল হয়েছে। এ বিষয়ে দলের মুখপাত্র সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, যেহেতু আইনি জটিলতা তৈরি হয়েছে, সে জায়গা থেকে বিকল্প একজনের মনোনয়নের সিদ্ধান্ত হয়েছে। তবে আপিল ও রিটের সুযোগ যখন আছে, আশা করি সমাধান হয়ে যাবে। গতকাল বিকেলে সাংবাদিক ইমরান হোসেনের চিকিৎসার খোঁজখবর নিতে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে যান আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। গাজীপুরে সড়ক দুর্ঘটনায় আহত সাংবাদিক ইমরান হোসেন দীর্ঘদিন ধরে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
আসিফ মাহমুদ বলেন, বিষয়টি নিয়ে এনসিপির লিগ্যাল টিম কাজ করছে। জাতীয় নির্বাচনে দেখেছি কীভাবে বিদেশি নাগরিক ও ঋণখেলাপিরা নির্বাচনে অংশ নিয়েছে। তখন ইসি অসহায়ের মতো বলেছে, বুকে পাথর চাপা দিয়ে দিতে হয়েছে। এমন কথাও তখন শুনতে পেয়েছি। সেটা খুবই দুঃখজনক। তবে তিন বছরের জটিলতা ঋণখেলাপি অথবা বিদেশি নাগরিকত্বের মতো কঠিন কোনো জটিলতা না। তারপরও আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল। নির্বাচন কমিশনের সিদ্ধান্ত দেখে অন্য অপশন নিয়ে কাজ করব।’
