হারিয়ে যাওয়া শখের মোবাইল ফিরে পাওয়ার আশা ছেড়ে দিয়েছিলেন অনেকেই। তবে সেই অনিশ্চয়তা কাটিয়ে পুলিশ মোবাইল হারিয়ে ফেলা মালিকদের মুখে হাসি ফুটিয়েছে। পল্টন মডেল থানা-পুলিশ রাজধানীতে বিভিন্ন সময় হারিয়ে যাওয়া ৫১টি মোবাইল ফোন উদ্ধার করে গতকাল বুধবার প্রকৃত মালিকদের হাতে ফিরিয়ে দিয়েছে।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মতিঝিল বিভাগের সহকারী পুলিশ কমিশনার হুসাইন মুহাম্মাদ ফারাবী এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, বিভিন্ন সময় মোবাইল হারিয়ে যাওয়ার ঘটনায় সংশ্লিষ্ট মালিকরা পল্টন মডেল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন। এসব জিডির পরিপ্রেক্ষিতে পুলিশ তথ্য-প্রযুক্তির সহায়তা নেয়। এ সময়ে পুলিশ গত ১ মার্চ থেকে ১০ এপ্রিল পর্যন্ত দেশের বিভিন্ন স্থানে ধারাবাহিক অভিযান চালিয়ে বিভিন্ন ব্র্যান্ডের ৫১টি মোবাইল ফোন উদ্ধার করে।
উদ্ধার হওয়া এসব মোবাইল ফোন গতকাল পল্টন মডেল থানার সম্মেলন কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করা হয়েছে।
