বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে জ্বালানি তেলের দাম বাড়ানো হয়েছে

আপডেট : ২৩ এপ্রিল ২০২৬, ০৭:৪৯ এএম

আমাদের ডিজেলের কোনো সমস্যা নেই। আগামী দুই-তিন দিনের মধ্যেই পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে। বহির্বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে বাংলাদেশেও জ্বালানি তেলের মূল্য বাড়ানো হয়েছে বলে জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান এবং বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী। গতকাল বুধবার দুপুরে গাজীপুর জেলা প্রশাসকের ভাওয়াল সম্মেলন কক্ষে আয়োজিত মতবিনিময় সভা শেষে তিনি এসব কথা বলেন।

আরিফুল হক চৌধুরী বলেন, ‘শিল্প কারখানার জন্য যে তেল দেওয়া হচ্ছে, এটা সাধারণ মানুষ বুঝতে পারছে না। কারখানাগুলোতে অকটেন ও পেট্রোল দেওয়া হচ্ছে না কেবল ডিজেল দেওয়া হচ্ছে। সাধারণ মানুষের মধ্যে যেন ভুল বোঝাবুঝি না হয়, সেজন্য প্রত্যেকটা পাম্পে এবং যে গাড়িগুলো বহন করবে তাদের নির্ধারিত যে তেলগুলো আছে, সেগুলো নেওয়ার জন্য যাতে প্রতিবন্ধকতা সৃষ্টি না হয় সেটা বলে দেওয়া হচ্ছে। পাম্পে যেভাবে বলে দেওয়া হয়েছে সেভাবে তা নিতে হবে।’

মন্ত্রী আরও বলেন, ‘শ্রমিক-মালিক মিলে কীভাবে আমাদের এই শ্রমিকবান্ধব এলাকাটি সামনের দিনগুলোতে ভালো রাখা যায়, কর্মসংস্থান কীভাবে বাড়ানো যায়, শ্রমিকদের সমস্যা কীভাবে সমাধান করা যায়, কলকারখানা কীভাবে সমৃদ্ধশালী করা যায় এসব বিষয়ে সভায় আলোচনা হয়েছে।’

গাজীপুরের জেলা প্রশাসক মো. নুরুল করিম ভূঁইয়ার সভাপতিত্বে সভায় গাজীপুর-৪ আসনের এমপি ফজলুল হক মিলন, গাজীপুর-৩ আসনের এমপি ডা. রফিকুল ইসলাম বাচ্চু, গাজীপুর-১ আসনের এমপি মজিবুর রহমান, গাজীপুর জেলা পরিষদের প্রশাসক চৌধুরী ইসরাত আহমেদ সিদ্দিকী, পুলিশ সুপার শরিফ উদ্দিন, শিল্প পুলিশের এসপি মোহাম্মদ আমজাদ হোসাইনসহ সরকারি বিভিন্ন দপ্তরের প্রধানরা উপস্থিত ছিলেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত