হোস্টেল বাথরুম থেকে শ্রমিকের গলা কাটা মরদেহ উদ্ধার

আপডেট : ২৩ এপ্রিল ২০২৬, ১১:২৫ এএম

রাজধানীর কামরাঙ্গীরচরের একটি শ্রমিক হোস্টেলের টয়লেট থেকে ইয়াকুব আলী (২৫) নামে এক যুবকের গলা কাটা মরদেহ উদ্ধার করা হয়েছে। আলামত হিসেবে বাথরুম থেকে ৩টি ব্লেড উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (২২ এপ্রিল) দিবাগত রাত ১টার দিকে এ ঘটনা ঘটে। প্রথমে গুরুতর আহত অবস্থায় কারখানার সহকর্মীরা তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত ইয়াকুব আলীর বাড়ি মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার আড়ালিয়া গ্রামে। তার বাবার নাম আব্দুল মালেক। তিনি ম্যাটাডোর কোম্পানির একজন শ্রমিক ছিলেন।

ম্যাটাডোর কোম্পানির সহকারী ব্যবস্থাপক বজলুর রহমান জানান, রাতে খবর পেয়ে শ্রমিক হোস্টেলের টয়লেট থেকে ইয়াকুবকে গলাকাটা অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেলে নেওয়া হয়। চিকিৎসকরা তাকে ভর্তি রাখেন। এরপর সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ৩টার দিকে তিনি মারা যান।

তিনি জানান, ম্যাটাডোর কারখানার পাশে তাদের হোস্টেল। একটি কক্ষে ৮ জনের মত কর্মচারী থাকে। রাতে সবাই ডিউটিতে ছিল। ইয়াকুবেরও রাতে ডিউটি ছিল। রাত ১টার দিকে ভাল লাগছে না বলে কারখানা থেকে বাসায় আসে। এর কিছুক্ষণ পর তাকে গলা কাটা অবস্থায় পাওয়া যায়। তবে কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে, সে বিষয়ে আমরা কিছুই জানাতে পারেননি তিনি।

এদিকে কামরাঙ্গীরচর থানার ইন্সপেক্টর (তদন্ত) শেখ লুৎফর রহমান জানান, কারখানার শ্রমিক হোস্টেলের বাথরুম থেকে তারই সহকর্মীরা তাকে রক্তাক্ত অবস্থায় দেখতে পেয়ে হাসপাতালে নিয়ে যান। সেখানে রাতে চিকিৎসাধীন তিনি মারা যান। পরবর্তীতে খবর পেয়ে হাসপাতালে গিয়ে লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে।

তিনি জানান, ঘটনাস্থলের ওই বাথরুম থেকে ৩টি ব্লেড উদ্ধার করা হয়েছে। কীভাবে কারা এই ঘটনা ঘটিয়েছে সেটি তদন্ত করা হচ্ছে। ঘটনাস্থলে সিআইডির ক্রাইম সিন ইউনিট কাজ করছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত