জ্বালানি পরিস্থিতি নিয়ে সরকারি দলের পাঁচ সদস্যের কমিটি গঠন করা হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমান সংসদে কমিটির সদস্যদের নাম ঘোষণা করে বিরোধীদলকেও পাঁচজনের নাম দেওয়ার আহ্বান জানিয়েছেন।
আজ বৃহস্পতিবার সংসদ অধিবেশনে তিনি এই আহ্বান জানান।
প্রধানমন্ত্রী বলেন, কমিটিতে সভাপতি থাকবেন বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুট টুকু। সদস্য প্রতিমন্ত্রী অনিন্দ ইসলাম অমিত, সংসদ সদস্য আশরাফ উদ্দিন নিজান, মঈনুল হোসেন শান্ত ও হুইপ মিয়া নুরুদ্দিন অপু। বিরোধীদলের নাম পেলে কমিটি একসাথে বসে কার্যক্রম শুরু করবে। পরে বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে বলেন, তারা শিগগিরই পাঁচজনের নাম দেবেন।
এদিন সংসদে তারেক রহমান বলেন, দেশের সমস্যা নিয়ে বিরোধীদল একটি প্রস্তাব দিয়েছিল। তারা জানিয়েছিল তাদের কাছে কিছু পরামর্শ আছে। এই ব্যাপারে সরকারি দল ও বিরোধী দল একসঙ্গে কাজ করতে পারি। আমি আগেই বলেছি আমরা দেশের স্বার্থে, দেশের মানুষের স্বার্থে স্লচনা করতে পারি।
এ সময় কমিটি গঠন নিয়ে প্রধানমন্ত্রী জানান, দেশের বর্তমান জ্বালানি সংকট মোকাবেলায় আমরা আমাদের পক্ষ থেকে পাঁচ সদস্যদের কমিটি গঠন করেছি। তিনি বিরোধীদলকেও কমিটি করার আহ্বান জানান। বলেন, বিরোধী দলও যদি পাঁচজনের নাম দেন তবে ১০ জন বসে এই বিষয়ে আলোচনা করতে পারেন। কোনও পরামর্শ থাকলে এই কমিটির মাধ্যমে সরকারের কাছে এলে সরকার সেটি বাস্তবায়ন করবে।
