চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুয়াবিল ইউনিয়নে চুরির সন্দেহে এক যুবককে গাছের সঙ্গে বেঁধে মারধরের অভিযোগ উঠেছে। পরে তাকে একই অবস্থায় মৃত পাওয়া যায়।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) দুপুরে ভূজপুর থানা পুলিশ খবর পেয়ে ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের মইনুদ্দিনের বাড়ির উঠান থেকে অজ্ঞাত পরিচয় যুবকের মরদেহ উদ্ধার করে। পুলিশ জানায়, নিহত যুবকের পরিচয় এখনও শনাক্ত করা যায়নি।
ভূজপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) বিপুল চন্দ্র দে জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, চুরির সন্দেহে স্থানীয়রা তাকে রাতভর গাছের সঙ্গে বেঁধে মারধর করে। পরে সকালে তিনি মারা যান।
এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য চারজনকে আটক করা হয়েছে। বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে এবং জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।
