বান্দরবানে ৬ শ্রমিক অপহরণ

আপডেট : ২৪ এপ্রিল ২০২৬, ০৭:৫৩ এএম

বান্দরবান সদরে অস্ত্রের মুখে রাবার বাগানের ছয় শ্রমিককে অপহরণের অভিযোগ উঠেছে। রাবারবাগান সংশ্লিষ্টরা জানিয়েছেন, অপহরণকারীরা ২০ লাখ টাকা মুক্তিপণ দাবি করেছে। মুক্তিপণ না দিলে তাদের হত্যার হুমকি দেওয়া হয়েছে। গত বুধবার রাত ১১টার দিকে উপজেলার টঙ্কাবতি ইউনিয়নের হাতিরডেরা এলাকায় এ ঘটনা ঘটে।

বাগানে দুজন নারীসহ আটজন শ্রমিক ছিলেন উল্লেখ রাবারবাগানের মালিক মোহাম্মদ ইসমাইল জানান, ‘রাত সাড়ে ১১টার দিকে অস্ত্র ও মুখোশ পরিহিত একদল লোক এসে শ্রমিকদের মারধর ও গালাগাল শুরু করে। এ সময় দুই নারীশ্রমিক পালিয়ে পার্শ্ববর্তী লোকজনের বাড়িতে চলে যান। অপহরণকারীরা বাকি শ্রমিকদের চোখ বেঁধে অপহরণ করে নিয়ে যায়।’

অপহৃত শ্রমিকরা হলেন নুরুল আফছার (১৯), মো. আরাফাত (২২), ইসমাইল (২৪), করিম উল্লাহ (২৬), রমিত উদ্দিন (২৯) ও মো. সাকিব (১৮)। তারা সবাই নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী ইউনিয়নের সাপেরঘেরা এলাকার বাসিন্দা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত